E-Paper

বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটকে তৃণমূলের নামে চাপের নালিশ

চাপ সৃষ্টি পক্ষান্তরে হুমকিরই শামিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক ওই বিষয়ে কিছু বলতে চাননি। দিনহাটার তৃণমূল বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের আবার দাবি, বিষয়টি জানা নেই।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৬ ০৭:০২

—প্রতীকী চিত্র।

‘বিবেচনাধীন’ তালিকা নিয়ে এ বার এক বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের উপরে চাপ সৃষ্টির অভিযোগ উঠল কোচবিহারে।

প্রশাসন সূত্রে দাবি, কোচবিহার জেলা তৃণমূলের লেটারহেড প্যাড ব্যবহার করে ওই বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটকে চিঠি দিয়ে বলা হয়েছে, ‘বিবেচনাধীন’ তালিকা খতিয়ে দেখার কাজ ঠিক মতো হচ্ছে না। তা ঠিক ভাবে করতে হবে। বিষয়টি নিয়ে কোচবিহার জেলা বিচারকের কাছে অভিযোগ জমা পড়েছে। বিচার বিভাগ থেকে পুলিশকেও জানানো হয়েছে।

ওই বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের এবং তাঁর অফিস চত্বরের নিরাপত্তা বাড়িয়েছে পুলিশ। যাতায়াতের পথেও পুলিশ ‘এসকর্ট’ করছে। কোচবিহারের জেলাশাসক জিতিন যাদব ওই বিষয়ে মুখ খোলেননি। তবে জেলা পুলিশ সুপার জশপ্রীত সিংহ বলেন, “জেলা বিচারকের থেকে আমরা একটি অভিযোগ পেয়েছি। সে মতোই দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটের নিরাপত্তা বাড়ানো হয়েছে।” পুলিশ জানিয়েছে, ওই চিঠি এখনও তাদের হাতে পৌঁছয়নি। হাই কোর্টের বিচারপতির অনুমতির পরেই ওই চিঠি পুলিশকে দেওয়া হতে পারে।

এই ভাবে চাপ সৃষ্টি পক্ষান্তরে হুমকিরই শামিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক ওই বিষয়ে কিছু বলতে চাননি। দিনহাটার তৃণমূল বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের আবার দাবি, বিষয়টি জানা নেই। তিনি বলেন, “ওই চিঠি কে লিখেছে, কার নাম সেখানে রয়েছে, সে সব না জানলে বিশদে বলা সম্ভব নয়। তৃণমূলের লেটারহেড প্যাড তো কেউ তৈরিও করতে পারে।”

‘বিবেচনাধীন’ তালিকা খতিয়ে দেখার ভার পড়েছে বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটদের উপরে। প্ৰত্যেক মহকুমায় সেই কাজ চলছে। কোচবিহার সদরের এক বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটকে জেলার একটি মহকুমার দায়িত্ব দেওয়া হয়। সম্প্রতি ‘বিবেচনাধীন’ থেকে অতিরিক্ত (সাপ্লিমেন্টারি) তালিকা প্রকাশ নিয়ে বহু জায়গায় ক্ষোভ তৈরি হয়েছে। তারই মধ্যে ওই চিঠি ঘিরে চিন্তা বেড়েছে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Udayan Guha TMC

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy