দু’টি ইভিএম কেন, ক্ষোভ স্থানীয়দের

রাতে ইভিএম নিয়ে যাওয়ার সময় বিক্ষোভের জেরে উত্তেজনা ছড়ায় মালদহের বামনগোলায়। স্থানীয়দের প্রশ্ন, একটি ইভিএমে ভোট হলেও ভোটকর্মীরা দু’টি মেশিন নিয়ে বার হলেন কেন।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ ০৯:৩৬

—প্রতীকী চিত্র।

ভোট শুরুর পরেই বিপত্তি। একের পরে এক বুথে উঠল ‘ইভিএম’ (ভোট-যন্ত্র) খারাপ হওয়ার অভিযোগ। দীর্ঘক্ষণ ভোট বন্ধ থাকায়, নানা বুথ থেকে অনেকে বাড়ি ফিরে যাচ্ছেন বলেও দাবি করেন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়াল যদিও বলেন, ‘‘অত‍্যধিক গরম-সহ নানা কারণে যন্ত্র খারাপ হতেই পারে। তবে যেগুলিতে সমস্যা হয়েছিল, সেগুলি ঠিক করতে আধ ঘণ্টার বেশি সময় লাগেনি।’’

রাতে ইভিএম নিয়ে যাওয়ার সময় বিক্ষোভের জেরে উত্তেজনা ছড়ায় মালদহের বামনগোলায়। স্থানীয়দের প্রশ্ন, একটি ইভিএমে ভোট হলেও ভোটকর্মীরা দু’টি মেশিন নিয়ে বার হলেন কেন। ইভিএম নিয়ে যাওয়ার সময়ে বিক্ষোভের জেরে উত্তেজনা ছড়ায় গোবিন্দপুর মহিষপুর গ্রাম পঞ্চায়েতের গুনাইডাঙা প্রাথমিক স্কুলে। ভোট শেষের পরে ভোটকর্মীরা ভিন্ রাজ্যের পুলিশের উপস্থিতিতে ইভিএম নিয়ে বুথ থেকে বার হন। অভিযোগ, ভোটকর্মীদের কাছে দু'টি ইভিএম থাকায় তাঁদের পথ আটকায় গ্রামবাসীদের একাংশ। স্থানীয়দের প্রশ্ন, একটি ইভিএমে ভোট হলেও ভোটকর্মীরা দু’টি মেশিন নিয়ে বার হলেন কেন। পরে প্রশাসনের কর্তারা গিয়ে পরিস্থিতি সামাল দেন।

মুর্শিদাবাদের বহরমপুর পৌর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে ১৪১ নম্বর বুথে চারটি ইভিএম বিকল হয়ে পড়ে। বুথে পরিদর্শনে গিয়ে বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীররঞ্জন চৌধুরী জেলাশাসকের সঙ্গে কথা বলেন। মুর্শিদাবাদেরই বড়ঞার একটি বুথে অভিযোগ ওঠে, তৃণমূলে ভোট দিলে তা বিজেপিতে পড়ছে। কারচুপির অভিযোগ ওঠে তকিপুরেও। তবে প্রশাসনের কর্তারা এ সব অভিযোগ অস্বীকার করেন।

বীরভূমের রামপুরহাট, সিউড়ি, দুবরাজপুরের নানা বুথে ইভিএম-বিভ্রাটের অভিযোগ ওঠে। ঘণ্টা দেড়েকের বেশি ভোট বন্ধ থাকে রামপুরহাটের ১১ নম্বর ওয়ার্ডের হাজী মৌলা বক্স হাই স্কুলের বুথে। নানা বুথে লম্বা লাইনে দাঁড়িয়ে ক্লান্ত হয়ে পড়েন অনেক ভোটার। পশ্চিম বর্ধমানের আসানসোল উত্তর, জামুড়িয়ার নানা বুথেও ভোটযন্ত্র খারাপ থাকায় দেরিতে ভোট শুরু হয়। দুর্গাপুর পশ্চিমের একাধিক বুথে ইভিএম বিকল থাকায় দেরিতে ভোট শুরু হয়।

পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় ভগবন্তপুর স্কুলের বুথ, ঘাটালের বসন্তকুমারী বালিকা বিদ্যালয়ের বুথে ইভিএম সারিয়ে প্রায় আধ ঘণ্টা পরে শুরু হয় ভোটগ্রহণ। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া পূর্ব ও পশ্চিম, হলদিয়া, ভগবানপুর, চণ্ডীপুরেও নানা বুথে সমস্যা হয়ে দাঁড়ায় খারাপ ইভিএম। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বাহিন পঞ্চায়েতের হাটমনি শঙ্করপুর বুথে ভোট শেষে প্রিসাইডিং অফিসার ইভিএমের ‘ক্লোজ়ড সুইচ’ না টিপে যন্ত্র বন্ধ করে দেন বলে অভিযোগ।

সিইও মনোজের বক্তব্য, “২০% অতিরিক্ত ইভিএম মজুত রাখা বিধি। তা করা ছিল। কিছু সমস্যা হয়েছে। প্রতি ভোটেই হয়ে থাকে। কতগুলিতে এমন হয়েছিল, তা প্রিসাইডিং অফিসারের ডায়েরি খতিয়ে দেখেই বলা যাবে।”

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

EVM Election Commission

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy