E-Paper

নাম বাদ পড়ায় ক্ষোভের মুখে পর্যবেক্ষকও

পূর্ব বর্ধমানের কালনায় এসটিকেকে রোড, মন্তেশ্বরের মৌসা গ্রামেও অবরোধ-বিক্ষোভ চলে। কালনার আব্বাস আলি শেখের দাবি, ‘‘আমার নাম থাকলেও, ছেলে-বৌমার নাম বাদ গিয়েছে। কী করে সম্ভব?’’

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৬ ০৭:২৪

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় মঙ্গলবারও বিক্ষোভে তেতে উঠল নানা জেলা। পূর্ব বর্ধমানে আউশগ্রামের পরে, কেতুগ্রামেও দলের ঘোষিত প্রার্থীর নাম ভোটার তালিকা থেকে বাদ যাওয়ায় সমস্যায় পড়েছে কংগ্রেস।

এ দিন মালদহের ইংরেজবাজারে সাট্টারি হাই স্কুলে বুথ পরিদর্শনে যান ওই বিধানসভা কেন্দ্রের সাধারণ পর্যবেক্ষক সর্বানন এম। নাম বাদের অভিযোগে আগে থেকেই বিক্ষোভ-অবরোধ চলছিল। পর্যবেক্ষকও ক্ষোভের মুখে পড়েন। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি সামলায়। নাম বাদের প্রতিবাদে মালদহের রতুয়া ২ ব্লকের অচিনতলার সাপ্তাহিক হাট এ দিন বসতে দেওয়া হয়নি। বিকেলে রতুয়ার বাহারাল মোড়ে পথ অবরোধ হয়। মোথাবাড়ির চৌরঙ্গি মোড়ে রাজ্য সড়ক অবরোধ করেন বাসিন্দারা। কোচবিহারের মাথাভাঙা, তুফানগঞ্জে অবরোধ-বিক্ষোভ হয়। শিলিগুড়িতে বহু ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগে হাশমি চকে বিক্ষোভ দেখায় তৃণমূল। জলপাইগুড়ির ময়নাগুড়ি, আলিপুরদুয়ারের কুমারগ্রামেও অবরোধ হয়।

পূর্ব বর্ধমানের কালনায় এসটিকেকে রোড, মন্তেশ্বরের মৌসা গ্রামেও অবরোধ-বিক্ষোভ চলে। কালনার আব্বাস আলি শেখের দাবি, ‘‘আমার নাম থাকলেও, ছেলে-বৌমার নাম বাদ গিয়েছে। কী করে সম্ভব?’’ তিনটি বুথ মিলিয়ে সাতশোর বেশি বৈধ ভোটারের নাম বাদ পড়ার অভিযোগে উত্তর ২৪ পরগনার অশোকনগরের গুমায় যশোর রোডে টায়ার জ্বালিয়ে প্রায় দু’ঘণ্টা অবরোধ করেন বাসিন্দারা। হাসনাবাদ, কাকদ্বীপেও বিক্ষোভ হয়।

কেতুগ্রামে কংগ্রেস প্রার্থী মহম্মদ মফিরুল কাশেমের নাম ভোটার তালিকায় বাদ পড়েছে। দল জানিয়েছে, বিকল্প প্রার্থীর খোঁজ চলছে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

SIR Election Commission

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy