Chicken Maharani Recipe

নবমীর দিনে পেটপুজো হোক অন্য রকম আমিষ পদে! জেনে নিন চিকেন মহারানির রেসিপি

গতানুগতিক রান্নার বাইরে নবমীর দিনে নতুন কোনও আমিষ পদ রাঁধতে চান? তা হলে জেনে নিন চিকেন মহারানির রেসিপি।

Advertisement
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫ ১৪:১০
Share:
০১ ১১

মহানবমীর দিনে বহু বাঙালি বাড়িতেই আমিষ রান্নার চল রয়েছে। এই দিন লুচি, পরোটা বা পোলাওয়ের সঙ্গে একটু অন্য ধরনের মুরগির মাংসের পদ হলে কেমন হয়? এ বছর নবমীতে আপনি কি তেমনই একটি পদ রাঁধতে আগ্রহী? সে ক্ষেত্রে চিকেন মহারানি বানিয়ে দেখতে পারেন। নাম থেকেই বোঝা যায়, এটি বেশ তারিয়ে তারিয়ে খাওয়ার মতো। মজার কথা, এই পদটি সহজেই বাড়িতে তৈরি করা যায়। চলুন, জেনে নিই চিকেন মহারানি তৈরির সহজ রেসিপি।

০২ ১১

উপকরণ কী কী লাগবে: চিকেন ম্যারিনেটের জন্য: ১ কেজি মুরগির মাংস (মাঝারি টুকরো করা), ১ চামচ আদা-রসুন বাটা, ১/২ চামচ হলুদ গুঁড়ো, ১ চামচ ধনে গুঁড়ো, ১/২ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন, ২ চামচ টক দই।

Advertisement
০৩ ১১

মশলার জন্য (ভাজতে হবে): ১ চামচ জিরা, ১ চামচ গোটা ধনে, ৪-৫টি শুকনো লঙ্কা, ৪-৫টি এলাচ, ৪-৫টি লবঙ্গ, ২ টুকরো দারচিনি, ১০-১২টি কাজুবাদাম।

০৪ ১১

গ্রেভির জন্য: ২-৩টি পেঁয়াজ কুচি, ২-৩টি টোম্যাটো কুচি, ১/২ কাপ টক দই, ১/২ কাপ ক্রিম (বা মালাই), ১ চামচ আদা-রসুন বাটা, ২-৩টি কাঁচা লঙ্কা, পরিমাণ মতো তেল বা ঘি, ১ চামচ কসৌরি মেথি, ১/২ চামচ গরম মশলা গুঁড়ো, লবণ এবং চিনি স্বাদ মতো।

০৫ ১১

রান্নার পদ্ধতি: ১. প্রস্তুতি: প্রথমে মুরগির মাংসের টুকরোগুলোকে আদা-রসুন বাটা, হলুদ, ধনে, লঙ্কা গুঁড়ো, নুন এবং টক দই দিয়ে ভাল ভাবে মেখে ১ ঘণ্টা ম্যারিনেট করে রাখুন।

০৬ ১১

২. মশলা ভাজা: একটি শুকনো কড়াইয়ে গোটা জিরা, ধনে, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ এবং দারচিনি হালকা আঁচে ২-৩ মিনিট ভেজে নিন। ঠান্ডা হলে মিক্সিতে গুঁড়ো করে নিন।

০৭ ১১

৩. গ্রেভি তৈরি: একটি কড়াইতে তেল বা ঘি গরম করে তাতে পেঁয়াজ কুচি দিয়ে সোনালি হওয়া পর্যন্ত ভাজুন। এর পরে আদা-রসুন বাটা এবং কাঁচা লঙ্কা দিয়ে ১ মিনিট ভাজুন। এ বার টোম্যাটো কুচি দিয়ে নরম হওয়া পর্যন্ত রান্না করুন।

০৮ ১১

৪. চিকেন রান্না: এ বার ম্যারিনেট করা মাংসের টুকরোগুলো কড়াইয়ে দিয়ে দিন এবং মাঝারি আঁচে ৫-৭ মিনিট রান্না করুন, যত ক্ষণ না চিকেন তার নিজস্ব জল ছেড়ে দেয়।

০৯ ১১

৫. মশলা মেশানো: এর পরে ভাজা মশলার গুঁড়ো এবং নুন দিয়ে ভাল ভাবে মিশিয়ে নিন। অল্প জল দিয়ে আরও কিছু ক্ষণ রান্না করুন।

১০ ১১

৬. শেষ ধাপ: চিকেন সেদ্ধ হয়ে গেলে ফেটানো টক দই দিয়ে ভাল ভাবে মিশিয়ে নিন। আঁচ একদম কম রাখুন, যাতে দই ফেটে না যায়। সব শেষে ক্রিম বা মালাই দিয়ে ভাল ভাবে নাড়ুন। কসৌরি মেথি গুঁড়ো করে উপর থেকে ছড়িয়ে, গরম মশলা দিয়ে গ্যাস বন্ধ করে দিন।

১১ ১১

চিকেন মহারানি তৈরি। এই অসাধারণ পদটি এ বার পোলাও, পরোটা বা রুটির সঙ্গে পরিবেশন করুন। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement