ছবি: সংগৃহীত।
জয়েন্টের মূল পরীক্ষা হয়ে যাওয়ার পরে গত ১৭ মে জয়েন্ট এন্ট্রান্স এগ্জ়ামিনেশন (জেইই) অ্যাডভান্সড ২০২৬ সম্পন্ন হয়েছে। যে পরীক্ষাটি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) নিয়ে থাকে তাদের সংস্থায় স্নাতক স্তরের পাঠ্যক্রমে পড়ুয়াদের ভর্তি নেওয়ার জন্য। জেইই অ্যাডভান্সডে স্থানাধিকারীরা জয়েন্ট সিট অ্যালোকেশন প্রসেস বা জেওএসএএ-তে অংশগ্রহণ করে আইআইটিতে ভর্তি হতে পারেন। তবে তার আগে পরীক্ষার কিছু দিন পরেই একটি সম্ভাব্য উত্তরের তালিকা প্রকাশ করা হয় আইআইটির তরফে। যাতে পরীক্ষা যাঁরা দিয়েছেন, তাঁরা বুঝতে পারেন নিজেরা কী লিখেছেন এবং প্রয়োজনে আপত্তিও তুলতে পারেন, যদি কোনও ভুল থেকে থাকে। সেই গুরুত্বপূর্ণ প্রক্রিয়াটির দিনক্ষণ ঘোষণা করল আইআইটি।
সোমবার, ২৫ মে সকাল ১০টার সময় জেইই অ্যাডভান্সড-এর সম্ভাব্য উত্তরপত্র বা ‘অ্যানসার কি’ প্রকাশ করা হবে বলে জানিয়েছে আইআইটি। পরীক্ষার্থীরা ওই উত্তরপত্র নিয়ে নিজেদের মতামত জানাতে পারবেন ২৫মে অ্যানসার কি প্রকাশের পর থেকে ২৬ মে পর্যন্ত। শুধু তা-ই নয়, সম্ভাব্য উত্তরপত্র দেখে পরীক্ষার্থীরা নিজেদের সম্ভাব্য নম্বরও হিসাব করে নিতে পারবেন।
এই পরীক্ষার অফিসিয়াল ওয়েবসাইট jeeadv.ac.in এ ইতিমধ্যেই পরীক্ষার প্রশ্নপত্র আপলোড করা হয়েছে। পরীক্ষার্থীরা ২৫ মে সকাল থেকে আনসার কি-র পিডিএফ ডাউনলোড করতে পারবেন। এ ছাড়া জেইই অ্যাডভান্সড-এর অফিসিয়াল ওয়েবসাইট বলছে, পরীক্ষার ফল প্রকাশিত হবে ১ জুন। জেওএসএএ কাউন্সেলিং হবে ২ জুন থেকে। যদিও গত বছর ২ জুন ফল প্রকাশিত হয়েছিল এবং কাউন্সেলিং শুরু হয়েছিল ৩ জুন থেকে।