প্রতীকী ছবি।
আগামী ২১ জুন ফের পরীক্ষায় বসবেন প্রায় ২২ লক্ষ পরীক্ষার্থী। ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট ২০২৬-এর পুনর্পরীক্ষণ।
গত ৩ মে এই পরীক্ষা হয়ে যাওয়ার পর প্রশ্নফাঁসের অভিযোগ উঠতে শুরু করে। ১২ মে পরীক্ষা বাতিল ঘোষণা করে নিয়ামক সংস্থা এনটিএ। এই প্রথম নয়। ২০২৪-এও প্রশ্নফাঁসের অভিযোগ উঠেছিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি-র (এনটিএ) বিরুদ্ধে। এ বারের পরীক্ষা বাতিল হওয়ার সঙ্গে সঙ্গেই নিট ইউজি ঘিরে দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে আর কখনও না হয়, সে জন্য একাধিক পদক্ষেপ করছে পরীক্ষা নিয়ামক সংস্থা।
এনটিএ জানিয়েছে, সংস্থার দ্বারা পরিচালিত সব গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলির স্বচ্ছতা, বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে এবং পরিচালন দক্ষতা আরও শক্তিশালী করতেই এই পদক্ষেপ করা হচ্ছে।
এনটিএ-এর দাবি, প্রশাসনিক নেতৃত্বকে আরও শক্তিশালী করা হয়েছে। চার জন শীর্ষ আধিকারিককে নিয়োগ করা হবে— দু’জন জয়েন্ট সেক্রেটারি, দু’জন ডিরেক্টর স্তরের আধিকারিক থাকবেন। কে রাধাকৃষ্ণণের নেতৃত্বাধীন কমিটির সুপারিশ অনুযায়ী, জয়েন্ট সেক্রেটারি স্তরের আধিকারিকেরা এনটিএ-তে অ্যাডিশন্যাল ডিরেক্টর জেনারেল হিসাবে দায়িত্ব পালন করবেন। এনটিএ জানিয়েছে, এই আধিকারিকদের কেন্দ্রীয় পরিষেবা এবং বিভিন্ন মন্ত্রকের প্রশাসনিক কাজে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। ফলে সংস্থার পরিচালন ক্ষমতা আরও শক্তিশালী হবে এবং ক্রমবর্ধমান দায়িত্ব সামলাতে সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।
এনটিএ আরও জানিয়েছে, সংস্থার আধুনিকীকরণ এবং প্রশাসনিক কাঠামোকে শক্তিশালী করতে তিনটি গুরুত্বপূর্ণ বিশেষজ্ঞ পদে নিয়োগের জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে। পদগুলি হল— চিফ টেকনোলজি অফিসার, চিফ ফিন্যান্স অফিসার এবং জেনারেল ম্যানেজার (হিউম্যান রিসোর্স)।
চিফ টেকনোলজি অফিসার মূলত ডিজিটাল পরীক্ষাব্যবস্থার তদারকি করবেন। পরীক্ষার্থীদের জন্য অনলাইন প্ল্যাটফর্ম, গোপন প্রশ্নপত্র পরিচালনা ব্যবস্থা, সাইবার নিরাপত্তা, বায়োমেট্রিক ও ফেস অথেনটিকেশনের ব্যবস্থা, এআই ভিত্তিক নিরাপত্তা এবং ইন্টেগ্রিটি কন্ট্রোল-এ কাজ করবেন।
চিফ ফিন্যান্স অফিসার পরীক্ষা সংক্রান্ত হিসাবরক্ষণ, আইনগত ও আর্থিক নিয়ম দেখাশোনা করা, অডিট সিস্টেম, কোষাগার কার্যক্রম-সহ অর্থনীতি সংক্রান্ত প্রশাসন কাজকর্ম দেখবেন।
জেনারেল ম্যানেজার ডেপুটেশন ভিত্তিক ও চুক্তিভিত্তিক কর্মীদের মানবসম্পদ ব্যবস্থাপনা দেখবেন। পাশাপাশি এইচআর আধুনিকীকরণ, কর্মীদের অংশগ্রহণ এবং পেশাগত নীতিনির্ধারণেও গুরুত্ব দেবেন।
এই তিনটি পদের জন্য এনটিএ-র সরকারি ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে আবেদন করতে বলা হয়েছে। সংস্থা জানিয়েছে, যোগ্যতা, অভিজ্ঞতা এবং কাজের দক্ষতার ভিত্তিতে একটি নির্দিষ্ট সিলেকশন কমিটি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে। পরীক্ষাব্যবস্থায় স্বচ্ছতা, নিরাপত্তা ও প্রযুক্তিনির্ভর সংস্কারে জোর দেওয়া হচ্ছে। এআই এবং বায়োমেট্রিক অথেন্টিকেশনে জোর দেওয়া হচ্ছে বিশেষ করে।