রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট-এর (নেট) আয়োজিত হতে চলেছে ২২ জুন থেকে ৩০ জুন। তারই আবেদন প্রক্রিয়া চলছে। ২৩ মে শেষ হবে আবেদন করার মেয়াদ। এরই মধ্যে নেট-এর প্রস্তুতির পাঠ দেওয়ার জন্য ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু করেছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। শুধু নেট-এরই নয়, সেট-এর (স্টেট এলিজিবিলিটি টেস্ট) প্রস্তুতিপাঠও দেবে প্রতিষ্ঠান। এই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
এই কোর্সে নেট এবং সেট প্রথম পত্র পড়ানো হবে। চার মাসের এই প্রশিক্ষণ চলবে প্রতি শনি এবং রবিবার। কোর্স ফি ৬ হাজার টাকা। ভর্তির জন্য যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর-সহ স্নাতকোত্তর হতে হবে।
পাশাপাশি, আরও একটি কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ‘ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসেস (ডব্লিউবিসিএস) উইথ কম্বাইন্ড এগ্জ়ামিনেশন’ নামে কোর্সটি করাবে এই প্রতিষ্ঠান। এক বছরের এই প্রোগ্রামে সপ্তাহে তিন থেকে চার দিন ক্লাস চলবে। কোর্স ফি ১৮,৫০০ টাকা। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আসনসংখ্যা সীমিত। ‘আগে এলে আগে পাবেন’ নীতিতে ভর্তি হতে পারবেন পড়ুয়ারা। ইচ্ছুক শিক্ষার্থীরা রবীন্দ্রভারতী মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাবেন। সেখান থেকেই আবেদনপত্র ডাউনলোড করা যাবে। এর পরে আবেদনপত্র, প্রয়োজনীয় নথি এবং আবেদনমূল্য জমা দিতে হবে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায়। বিজ্ঞপ্তির পাশাপাশি এ সংক্রান্ত সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানতে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের কার্যালয়েও যোগাযোগ করতে পারেন আগ্রহীরা। অথবা, বিজ্ঞপ্তিতে দেওয়া ফোন নম্বরেও যোগাযোগ করা যেতে পারে।