West Bengal Election 2026

কেন্দ্রীয় বাহিনী নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য উস্কানিমূলক, অভিযোগ কমিশনের! সুপ্রিম কোর্ট জানাল, প্রয়োজনে হস্তক্ষেপ করা হবে

সোমবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি বিপুল মনুভাই পাঞ্চোলির বেঞ্চে এসআইআর মামলার শুনানি হয়। সেখানে কমিশনের তরফে মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়ে অভিযোগ করা হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৬ ১৮:৫৭
Share:

(বাঁ দিকে) মমতা বন্দ্যোপাধ্যায়। জ্ঞানেশ কুমার (ডান দিকে)। — ফাইল চিত্র।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বাহিনী নিয়ে উস্কানিমূলক মন্তব্য করছেন। সোমবার রাজ্যের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে শুনানিতে এমনই অভিযোগ জানিয়েছে নির্বাচন কমিশন। তারা জানিয়েছে, এই সংক্রান্ত মুখ্যমন্ত্রীর বক্তব্য আদালতে জমা দেওয়া হয়েছে। এই মন্তব্যের জেরে পরিবেশ আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কমিশনের আইনজীবী। সু্প্রিম কোর্ট জানায়, প্রয়োজনে হস্তক্ষেপ করা হবে। এর আগে এই নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে রিপোর্ট চেয়েছিল কমিশন।

Advertisement

সোমবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি বিপুল মনুভাই পাঞ্চোলির বেঞ্চে এসআইআর মামলার শুনানি হয়। সেখানে কমিশনের তরফে বলা হয়, ‘‘গতকাল একটি বক্তৃতায় বলা হয়েছে (মুখ্যমন্ত্রীর), উত্তরপ্রদেশ থেকে সিআরপিএফ জওয়ানেরা এসে আপনাদের মারবে, তাই প্রস্তুত থাকুন।’’ কমিশন আরও জানায়, এই ধরনের উস্কানিমূলক বক্তব্য পরিবেশকে আরও খারাপ করে দেবে। কেন্দ্রীয় বাহিনী নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের রেকর্ডিং আদালতে জমা দেওয়া হয়েছে বলেও জানিয়েছে কমিশন। এর পরেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কান্ত বলেন, ‘‘যদি রাজ্যের প্রশাসন ব্যর্থ হয়, তবে কী করতে হবে তা বিবেচনা করব।’’

উল্লেখ্য, গত ২৫ মার্চ দার্জিলিং জেলার নকশালবাড়ির নন্দপ্রসাদ গার্লস’ হাই স্কুলের মাঠে একটি জনসভায় মু্খ্যমন্ত্রীর মমতা বলেছিলেন, ‘‘মা-বোনেদের একটা দায়িত্ব দিয়ে গেলাম। ছাত্র-যুবরা পাহারা দেবে ভোট মেশিন আর নির্বাচনী বুথ। মা-বোনেরা নির্বাচনের দিন সকাল থেকে ভোটকেন্দ্র পাহারা দেবেন।’’ তার প্রেক্ষিতে কমিশন জানায়, মুখ্যমন্ত্রীর ওই মন্তব্যকে তারা গুরুত্ব দিয়ে দেখছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়।

Advertisement

এ বার রবিবারের জনসভায় মুখ্যমন্ত্রীর কেন্দ্রীয় বাহিনী নিয়ে করা একটি মন্তব্যের রেকর্ডিং তারা সুপ্রিম কোর্টে জমা দিয়েছে বলে জানাল। শীর্ষ আদালতও জানিয়েছে, প্রয়োজনে হস্তক্ষেপ করা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement