—প্রতিনিধিত্বমূলক চিত্র।
এখনও পর্যন্ত বিবেচনাধীন তালিকায় থাকা ভোটারদের তথ্য নিষ্পত্তি করে তিনটে তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ভোটার তালিকা থেকে যদি নাম বাদ যায়, তবে শনিবার থেকেই অনলাইনে ট্রাইবুনালে আবেদন করা যাবে। কী ভাবে আবেদন করতে হবে, তা-ও জানাল কমিশন।
সুপ্রিম কোর্টের নির্দেশে ট্রাইবুনাল গঠন করেছে কলকাতা হাই কোর্ট। রাজ্যের ২৩টি জেলার জন্য ১৯ জন অবসরপ্রাপ্ত বিচারপতিকে নিয়ে ১৯টি ট্রাইবুনাল গঠন করা হয়েছে। বাদ যাওয়া ভোটারেরা এই ট্রাইবুনালে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করা যাবে। কমিশনের ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে ট্রাইবুনালে।
অনলাইনে কী ভাবে আবেদন করা সম্ভব? কমিশনের ওয়েবসাইটে পশ্চিমবঙ্গের জন্য নির্দিষ্ট ‘অপশন’ রয়েছে। সেখান থেকেই অনলাইনে ট্রাইবুনালের আবেদন করা যাবে। আবেদন করতে গেলে প্রথমে যে কোনও মোবাইল নম্বর দিয়ে লগইন করতে হবে আবেদনকারীকে। লগইনের জন্য সংশ্লিষ্ট মোবাইলে ওটিপি আসবে। সেই ওটিপি দেওয়ার পরই লগইন করা যাবে। তার পরে এপিক নম্বর দিয়ে ‘সার্চ’ করলেই ভোটারের নাম দেখা যাবে।
লগইন করার পর আবেদনপত্রে চারটি শূন্যস্থান পূরণ করতে হবে আবেদনকারীকে। প্রথমে, সংশ্লিষ্ট ভোটারের পিন কোড-সহ পুরো ঠিকানা উল্লেখ করতে হবে। তবে মনে রাখতে হবে সেটা যেন ২৫০ শব্দের বেশি না-হয়। কেন আপিল করছেন, তা এক হাজার শব্দে লিখতে হবে আবেদনকারীকে। শুধু তা-ই নয়, আপিলে কী চাওয়া হচ্ছে, তা ৫০০ শব্দের মধ্যে লিখে জানাতে হবে। শেষে সংশ্লিষ্ট আবেদনকারীকে জানাতে হবে তিনি কোন জায়গার ভোটার ছিলেন। সব পূরণ করার পর তা ‘সাবমিট’ করলেই আবেদন সম্পূর্ণ হবে।
লগইন করার পর আবেদনপত্রে এই চারটি জায়গা পূরণ করতে হবে আবেদনকারীদের। ছবি: সংগৃহীত।
গত সোমবার (২৩ মার্চ) বিবেচনাধীন ভোটারদের প্রথম অতিরিক্ত তালিকা প্রকাশ হয়। কমিশন জানায়, সে দিনের তালিকায় ২৭ লক্ষের কাছাকাছি নাম প্রকাশ করা হয়েছিল। দ্বিতীয় অতিরিক্ত তালিকার সময়ে নিষ্পত্তি হয়েছিল প্রায় ৩৭ লক্ষের নাম। কমিশন সূত্রে খবর, শনিবার পর্যন্ত নিষ্পত্তি হয়েছে প্রায় ৩৮ লক্ষ ভোটারের তথ্য। যদিও যাঁদের নিষ্পত্তি হয়ে গিয়েছে, তাঁদের মধ্যে কত জনের নাম বৈধ ভোটার হিসাবে জুড়েছে এবং কত জন বাদ পড়েছেন, তা আলাদা ভাবে প্রকাশ্যে আনেনি কমিশন। তবে যাঁদের নাম বাদ পড়ছে তাঁরা ট্রাইবুনালে আবেদনের সুযোগ পাবেন।
অনলাইন ছাড়াও অফলাইনেও আবেদন করা যাবে। জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক এবং মহকুমাশাসকের কাছে অফলাইনে আবেদন করতে পারবেন ভোটার তালিকা থেকে বাদ যাওয়া ভোটারেরা। সব আপিল নিষ্পত্তি হয়ে গেলে এই ট্রাইবুনাল আর থাকবে না।