Swapna Barman

প্রথম বার ভোটে লড়বেন রাজগঞ্জের তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মণ, কত সম্পত্তির মালিক প্রাক্তন সোনাজয়ী অ্যাথলিট?

২০২১ সালের বিধানসভা ভোটে জলপাইগুড়ির রাজগঞ্জে জিতেছিল তৃণমূল। খগেশ্বর রায় তৃণমূলের টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন। তবে এ বার তাঁর জায়গায় স্বপ্নাকে টিকিট দিয়েছে শাসকদল তৃণমূল।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৬ ১৯:৩০
Share:

দীর্ঘ টানাপড়েনের পর অবশেষে ভোটের ময়দানে রাজগঞ্জের তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মণ। খেলাধুলোর জগতে কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তবে রাজনীতির জগতে তিনি একেবারেই নতুন। যদিও তৃণমূল এই প্রাক্তন অ্যাথলিটের উপর ভরসা রেখেছে। জটিলতা কাটিয়ে সোমবার তিনি তৃণমূলের প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিলেন। সেই সঙ্গে হলফনামায় জানিয়েছেন, তাঁর নামে কত সম্পত্তি আছে? গাড়ি, বাড়ি— কী আছে তার হিসাবও দাখিল করেছেন ২০১৮ সালের এশিয়াডে সোনাজয়ী অ্যাথলিট স্বপ্না।

Advertisement

২০২১ সালের বিধানসভা ভোটে জলপাইগুড়ির এই রাজগঞ্জে জিতেছিল তৃণমূলই। খগেশ্বর রায় তৃণমূলের টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন। তবে এ বার তাঁর জায়গায় স্বপ্নাকে টিকিট দেয় পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল, যা নিয়ে ‘গোসা’ হয়েছিল খগেশ্বরের। রাজনীতি ছেড়ে দেওয়ার কথাও বলেছিলেন। পরে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে স্বপ্নার হয়ে প্রচার করেন রাজগঞ্জের বিদায়ী বিধায়ক। তবে স্বপ্নার মনোনয়ন জমা দেওয়া নিয়ে জটিলতা তৈরি হওয়ায় খগেশ্বরই ‘প্রথম পছন্দ’ ছিল তৃণমূলের। যদিও শেষ পর্যন্ত সেই জটিলতা কাটে।

তৃণমূল স্বপ্নাকে প্রার্থী করা ইস্তক নানা বাধাবিপত্তির মধ্য দিয়ে গিয়েছেন স্বপ্না। তাঁর বিরুদ্ধে রেল অভিযোগ করে, কর্মরত অবস্থায় সক্রিয় রাজনীতিতে যোগ দিয়েছেন তিনি। ঘটনাচক্রে, ইস্তফা দেন স্বপ্না। তিনি জানান, পেনশনও নেবেন না। তবে তার পরেও ছাড়পত্র পাননি স্বপ্না। আদৌ তিনি এ বারের ভোটে লড়তে পারবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। তবে রবিবার রাতে সেই জট কাটে। ২৯ বছর বয়সি সেই স্বপ্নার সম্পত্তি, জমিজমা, আয় থেকে শুরু করে বিভিন্ন তথ্য উঠে এসেছে তাঁর নির্বাচনী হলফনামায়।

Advertisement

সম্পত্তি ও নগদ

প্রাক্তন অ্যাথলিটের হলফনামা অনুযায়ী, তাঁর হাতে নগদ রয়েছে ৪৫ হাজার ৬০০ টাকা। তবে পাঁচটি ভিন্ন ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে তাঁর। সেই পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা রয়েছে মোট ২ লক্ষ ১৬ হাজার ৫৫৯ টাকা। এ ছাড়াও বিভিন্ন জায়গায় বেশ কিছু অঙ্কের বিনিয়োগও রয়েছে। স্বপ্না জানান, ২০২১ সালে একটি গাড়ি কিনেছিলেন। তখন সেই গাড়ি তিনি কিনেছিলেন ১ লক্ষ ২৬ হাজার টাকায়। রাজগঞ্জের তৃণমূল প্রার্থী হলফনামায় জানিয়েছেন, তাঁর কাছে ১২০ গ্রাম সোনা রয়েছে, যার বাজারমূল্য ১৬ লক্ষ ৪৪ হাজার টাকা। হলফনামা অনুযায়ী, বর্তমানে স্বপ্নার মোট ৭৬ লক্ষ ৪৮ হাজার ৭৭ টাকার অস্থাবর সম্পত্তি রয়েছে।

অস্থাবর ছাড়াও কিছু স্থাবর সম্পত্তিও রয়েছে স্বপ্নার নামে। তিনি জানিয়েছেন, কোনও কৃষিজমি নেই। তাঁর নামে কোনও অফিস বা সংস্থাও নেই। তবে বসবাসযোগ্য একাধিক জমিজমা আছে, যার বর্তমান বাজার মূল্য ৫ লক্ষ ৪৬ হাজার টাকা। হলফনামা অনুযায়ী, রাজগঞ্জের তৃণমূল প্রার্থীর কাছে মোট ৩৯ লক্ষ ৫৮ হাজার ৫০০ টাকার স্থাবর সম্পত্তি রয়েছে। তাঁর ঘাড়ে ঝুলছে না তেমন কোনও ঋণের বোঝা। তবে একটি রাষ্ট্রয়ত্ত ব্যাঙ্কে ২১২ টাকার ঋণ আছে।

Advertisement

অপরাধের রেকর্ড

প্রাক্তন অ্যাথলিটের নামে কোনও অপরাধের রেকর্ড নেই। কোথাও কোনও এফআইআর হয়নি।

পড়াশোনা

খেলাধুলোর পাশাপাশি, পড়াশোনাতেও মেধাবী ছিলেন স্বপ্না। মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের গণ্ডি পেরিয়ে স্নাতক পাশ করেন। ২০২২ সালে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর পাশ করেন রাজগঞ্জের তৃণমূল প্রার্থী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement