NTH Recruitment 2025

ন্যাশনাল টেস্ট হাউসের তরফে ২৫ জন ইয়ং প্রফেশনালের খোঁজ, পোস্টিং কলকাতা-সহ অন্য শহরে

সিনিয়র ইয়ং প্রফেশনাল পদে আবেদনকারীদের বয়স হতে হবে ৩৮ বছরের মধ্যে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৫ ১৯:১৫
Share:

ন্যাশনাল টেস্ট হাউস। ছবি: সংগৃহীত।

স্নাতক বা স্নাতকোত্তর যোগ্যতা থাকলে চাকরি মিলতে পারে ন্যাশনাল টেস্ট হাউস (এনটিএইচ)-এ। সোমবার কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক মন্ত্রকের অধীনস্থ এই সংস্থার তরফে এই মর্মে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, সংস্থায় চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। কলকাতা-সহ দেশের অন্য শহরে নিযুক্তদের কাজের সুযোগ মিলবে। আগ্রহীরা এ জন্য অনলাইনে আবেদন জানাতে পারবেন।

Advertisement

সংস্থায় সিনিয়র এবং জুনিয়র ইয়ং প্রফেশনাল পদে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ রয়েছে ২৫টি। তাঁদের সংস্থার নানা টেকনিক্যাল বা ম্যানেজমেন্ট বিভাগে কাজের সুযোগ মিলবে। নিযুক্তদের পোস্টিং হবে কলকাতা, গুয়াহাটি, মুম্বই, চেন্নাই, জয়পুর, গাজিয়াবাদ-সহ অন্য শহরে।

সিনিয়র ইয়ং প্রফেশনাল পদে আবেদনকারীদের বয়স হতে হবে ৩৮ বছরের মধ্যে। অন্য দিকে, জুনিয়র ইয়ং প্রফেশনাল পদে আবেদন করা যাবে বয়স ৩৫ বছরের মধ্যে হলে। সংরক্ষিতদের ক্ষেত্রে বয়সের ছাড় থাকবে। নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে এক বছর। এর পর তাঁদের কাজের দক্ষতার উপর নির্ভর করে এই মেয়াদ বাড়িয়ে চার বছর পর্যন্ত করা হতে পারে।

Advertisement

সিনিয়র প্রফেশনাল পদে নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ৭০,০০০ টাকা। জুনিয়র প্রফেশনালদের দেওয়া হবে মাসে ৪০,০০০ টাকা। এক বছর পর কাজের মেয়াদ বাড়লে পারিশ্রমিকের পরিমাণও প্রতি বছর ৫,০০০ টাকা করে বাড়ানো হবে।

টেকনিক্যাল সিভিল ক্ষেত্রে জুনিয়র ইয়ং প্রফেশনাল পদে আবেদনের জন্য প্রার্থীদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিই/ বিটেক থাকতে হবে। পাশাপাশি প্রয়োজন ন্যূনতম এক বছরের পেশাগত অভিজ্ঞতার। একই ভাবে অন্য ক্ষেত্রে কাজের জন্য যোগ্যতার ভিন্ন মাপকাঠি রয়েছে।

আগ্রহীদের এ জন্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেল আইডিতে বিজ্ঞপ্তি অনুযায়ী ফরম্যাটে জীবনপঞ্জি-সহ অন্য নথি পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ১৮ জানুয়ারি আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement