দোলনের জন্মদিনে কী পরিকল্পনা দীপঙ্করের? ছবি: সংগৃহীত।
দোলন কাঁকড়া খেতে খুব ভালবাসে। প্রতি বছর হয় পার্কস্ট্রিট, না হলে কোনও ক্লাবে আমরা খেতে যাই। আসলে দু’জনেরই তো বয়স বাড়ছে। এই বছর ওর মা আবার হাসপাতালে ভর্তি। তাই খুব একটা যে উদ্যাপন করতে পারা যাবে, তেমন মনে হয় না। কারণ, আমাদের কারও মনমেজাজ ভাল নেই। কাছের মানুষ অসুস্থ হলে কার ভাল লাগে?
তবে প্রতি বছরের মতো এই বছরও আমি চেষ্টা করেছি দোলনের প্রিয় কিছু উপহার আগে থেকে কিনে রাখতে। ওর তো ধারাবাহিকের কাজ চলছে। এখন যে আমরা খুব জাঁকজমক ভাবে কিছু করার পরিকল্পনা করি, তেমন নয়। বর্তমানে আমার একটাই প্রার্থনা, আমরা যেন ভাল থাকি। দোলন যেন সুস্থ থাকে। অনেক চাপ রয়েছে ওর কাঁধে। ও ভাল থাকুক, আনন্দে থাকুক এটাই সারা ক্ষণ মনে মনে প্রার্থনা করি।
ওর মা যে অসুস্থ হয়ে পড়বেন সেটা তো বুঝতে পারিনি। তবে এ বারে আগে থেকেই ওর জন্য উপহার কিনে রেখেছি। গয়না ওর ভাল লাগে। তাই মুক্তোর একটা সেট কিনেছি জন্মদিনে দেব বলে। আর সুযোগ হলে রাতে খেতে যাব। আমি চিকেন খাই। আর দোলনের প্রিয় ক্র্যাব অর্ডার দেওয়ার ইচ্ছা আছে। বাড়িতে কোনও উদ্যাপনের অবশ্য কোনও পরিকল্পনা নেই। এই দিনগুলো আগামী দিনেও যাতে আমরা এই ভাবে কাটিয়ে যেতে পারি, এটাই আমার একমাত্র প্রার্থনা।