চা ও কফি খাঁটি না ভেজাল মেশানো, চেনার উপায় কী? ছবি: ফ্রিপিক।
ঘুম থেকে উঠে এক কাপ গরম চা বা কফিতে চুমুক না দিলেই নয়। পছন্দের চা কফিতে চুমুক দিলেই মন ফুরফুরে হয়ে ওঠে। স্বাদের দিক থেকে দুধ চা পছন্দের হলেও স্বাস্থ্য সচেতন মানুষ এখন দুধ-চিনি ছাড়াই চা খেতে বেশি পছন্দ করেন। সে ক্ষেত্রে চায়ের মান ভাল হওয়া প্রয়োজন। কফির ক্ষেত্রেও ঠিক তাই। একগাদা দাম দিয়ে যে কফি পাউডার কিনে আনছেন, তা খাঁটি কি না ভেবে দেখেছেন কখনও? অনেক সময়ে দাম দিয়ে কেনা চা বা কফিতেও তেমন স্বাদ পাওয়া যায় না। কারণই হল, এমন অনেক উপাদান মেশানো হয় তাতে যে তার আসল স্বাদ ও গন্ধ প্রায় লুপ্তই হয়ে যায়। কাজেই চা বা কফি খাঁটি কি না, তা বুঝে নিতে হবে। খাদ্যের গুণমান নিয়ন্ত্রক সংস্থা এফএসএসএআই ভেজাল চেনার কিছু উপায় বলে দিয়েছে।
চা পাতা খাঁটি তো?
চা পাতা দীর্ঘ সময় তাজা রাখতে বা তার ওজন বেশি দেখাতে লৌহচূর্ণ মেশানো হয় অনেক সময়ে। তা ছাড়া মেটানিল ইয়েলো নামে কৃত্রিম রং, মাটির কণাও মিশে থাকে গুঁড়ো চায়ে।
চা পাতা খাঁটি কি না, বুঝতে একটি ব্লটিং পেপারে কিছুটা চায়ের গুঁড়ো ঢালুন। সেই গুঁড়ো চায়ের উপর সামান্য জল ছিটিয়ে দিন। তার পর কিছু ক্ষণ অপেক্ষা করে চায়ের গুঁড়ো সরিয়ে ব্লটিং পেপারটি আলোর সামনে নিয়ে গিয়ে দেখুন। ভেজাল চা কাগজের উপর কালো বা খয়েরি রঙের দাগ ফেলবে, কিন্তু চা খাঁটি হলে কাগজের উপর কোনও দাগ পড়বে না।
একটি কাচের পাত্রে চায়ের গুঁড়ো নিন। এ বার ছোট চুম্বক নিয়ে ধীরে ধীরে চায়ের উপর ঘোরাতে থাকুন। চা খাঁটি হলে চুম্বকে কিছু লাগবে না। কিন্তু গুঁড়ো চায়ে লৌহচূর্ণ মেশানো থাকলে, তা চুম্বকের গায়ে আটকে যাবে।
একটি কাচের পাত্রে জল নিয়ে তাতে চা পাতা মেশান। যদি দেখেন জলের রং বদলে বাদামি বা গাঢ় লালচে হয়ে যায়, তা হলে বুঝতে হবে তাতে কৃত্রিম রং মেশানো রয়েছে। খাঁটি চা পাতা ফোটালে তবে জলের রং বদলায়।
কফি পাউডারে ভেজাল নেই তো?
এক গ্লাস জলে ১ চামচ কফি পাউডার মেশান। গ্লাসটি একটুও না নাড়িয়ে মিনিট পাঁচেক ওই ভাবে রেখে দিন। কফির গুঁড়ো যদি গ্লাসের নীচে থিতিয়ে পড়ে, তা হলে বুঝতে হবে সেই কফিতে ভেজাল রয়েছে। খাঁটি কফির ক্ষেত্রে কফি পাউডার জলে পুরোপুরি মিশে যাবে।
একটি কাচের গ্লাসে পরিষ্কার জল নিন। এ বার জলের উপর এক চামচ কফি পাউডার ছড়িয়ে দিন। যদি দেখা যায় কফির পাউডার জলের উপরে ভাসছে, তা হলে বুঝতে হবে সেটি খাঁটি। আর যদি দেখেন কফি জলের নীচে থিতিয়ে যাচ্ছে ও জলের রং বদালাচ্ছে, তা হলে বুঝতে হবে তাতে ভারী ধাতু মেশানো আছে।
অল্প জলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট গুলে দ্রবণ তৈরি করুন। এ বার কফি পাউডার মিশিয়ে দিন। যদি কফি পাউডার খাঁটি হয়, তা হলে মিশ্রণের রং খুব একটা বদলাবে না। যদি তেঁতুলের বীজ বা খেজুরের বীজের গুঁড়ো মেশানো থাকলে জলের রং বদলে বেগনি হয়ে যাবে।