Tamil Nadu Death Sentence

থানা লক আপে বাবা-ছেলেকে পিটিয়ে খুন, ৯ জন পুলিশকর্মীর ফাঁসির সাজা! বিরল রায় ঘোষণা করল তামিলনাড়ুর আদালত

২০২০ সালের জুন মাসে মাদুরাইয়ের সাতানকুলমে পুলিশ হেফাজতে পিটিয়ে খুন করা হয়েছিল ব্যবসায়ী পি জয়রাজ (৫৯) এবং তাঁর ছেলে জে বেন্নিক্স (৩১)-কে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৬ ১৯:৫১
Share:

নিহত পি জয়রাজ (উপরে) এবং তাঁর পুত্র বেন্নিক্স (নীচে)। ছবি: সংগৃহীত।

পুলিশি হেফাজতে দুই অভিযুক্তকে পিটিয়ে খুনের মামলায় অপরাধী ঘোষিত ইনস্পেক্টর পদমর্যাদার এক আধিকারিক-সহ ন’জন পুলিশকর্মীর ফাঁসির সাজা ঘোষণা করল মাদুরাই আদালত। রায়ে বিষয়টিকে চরম নির্মমতা এবং ক্ষমতার অপব্যবহারের দ্বারা চিহ্নিত ‘অত্যন্ত বিরল অপরাধ’ বলা হয়েছে।

Advertisement

যাঁদের সাজা হয়েছে, তাঁদের মধ্যে রয়েছে ইনস্পেক্টর এস শ্রীধর, সাব-ইনস্পেক্টর পি রঘু গণেশ এবং কে বালাকৃষ্ণন, হেড কনস্টেবল এস মুরুগান এবং এ সামাদুরাই ও কনস্টেবল এম মুধুরাজ, এস চেল্লাদুরাই, এক্স থমাস ফ্রান্সিস ও এস ভেইলুমুতো। দশম অভিযুক্ত বিশেষ সাব-ইনস্পেক্টর পলদুরাইয়ের মামলা চলাকালীন কোভিডে মৃত্যু হয়েছিল।

২০২০ সালের জুন মাসে মাদুরাইয়ের সাতানকুলমে পুলিশি হেফাজতে পিটিয়ে খুন করা হয়েছিল ব্যবসায়ী পি জয়রাজ (৫৯) এবং তাঁর ছেলে জে বেন্নিক্স (৩১)-কে। অভিযুক্তদের কোভিডবিধি অমান্য করার দায়ে গ্রেফতার করা হয়েছিল। ছ’বছরের শুনানির পরে এক সঙ্গে ন’জন পুলিশকর্মীর ফাঁসির সাজা ঘোষণা হল। যা দেশের ইতিহাসে কার্যত বিরল।

Advertisement

বিচারক জি মুধুকুমারন এই মামলার তদন্তকারী সংস্থা সিবিআই-এর যুক্তিতে সায় দিয়ে জানিয়েছেন, পুলিশি হেফাজতে নির্যাতন পূর্বপরিকল্পিত ছিল এবং রাতভর চালানো হয়েছিল। অপরাধীদের এ ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি প্রাপ্য বলে জানিয়েছেন বিচারক। প্রসঙ্গত, এর আগে ১৯৯৯ সালে তামিলনাড়ুর তুতিকোরিনের থালামুথু নগর থানায় তিন অভিযুক্তকে পিটিয়ে খুনের ঘটনায় এক ডিএসপি-সহ তামিলনাড়ু পুলিশের ন’জনের যাবজ্জীবন কারাবাসের সাজা হয়েছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement