Centre on Unruly Flight Passengers

বিমানের ভিতর হেডফোন ছাড়া জোরে গান বাজালেই পদক্ষেপ! হতে পারে জরিমানাও, যাত্রীদের সতর্ক করল কেন্দ্র

বাসে-ট্রেনে অনেকে মোবাইলে রিল দেখেন বা গান শোনেন। অনেকে ফোনের শব্দের মাত্রা বাড়িয়ে সিনেমা বা সিরিয়ালও চালিয়ে দেন। এই সময় হেডফোন ব্যবহার না করলে বাকিরা সমস্যায় পড়েন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:২৮
Share:

বিমানের ভিতরে বিশৃঙ্খল আচরণ নিয়ে যাত্রীদের সতর্ক করেছে কেন্দ্রীয় সরকার। ছবি: এআই সহায়তায় প্রণীত।

বিমানের ভিতর বিশৃঙ্খল আচরণ করলে এবং অন্যদের কাজে বিঘ্ন ঘটালে যাত্রীদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। হতে পারে জরিমানাও, সতর্ক করে দিল কেন্দ্রীয় সরকার। লোকসভায় এই সংক্রান্ত একটি প্রশ্নের উত্তরে বিশৃঙ্খল যাত্রীদের বিরুদ্ধে পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের প্রতিমন্ত্রী মুরলীধর মোহল। বিশেষ করে বিমানের ভিতর কানে হেডফোন না গুঁজেই যাঁরা জোরে গান শোনেন বা ভিডিয়ো দেখেন, তাঁদের কথা উল্লেখ করা হয়েছে। এর ফলে আশপাশের যাত্রীরা বিরক্ত হন। কেন্দ্র জানিয়েছে, এই পরিস্থিতি একেবারেই কাম্য নয়।

Advertisement

শুধু বিমানে নয়, রাস্তাঘাটে চলতে ফিরতে, বাসে, ট্রামে কিংবা ট্রেনের মধ্যে অনেক যাত্রী জোরে জোরে মোবাইলে রিল দেখেন বা গান শোনেন। অনেকে ফোনের শব্দের মাত্রা বাড়িয়ে দিয়ে সিনেমা বা সিরিয়ালও চালিয়ে দেন। হেডফোন ব্যবহার না করলে বাকি যাত্রীরা সমস্যায় পড়েন। এ নিয়ে বিরক্তি এবং বিতর্ক দীর্ঘ দিনের। সম্প্রতি লোকসভায় এ বিষয়ে প্রশ্ন করেছিলেন তামিলনাড়ুর সাংসদ ভিএস মাথেশ্বরণ। এই ধরনের যাত্রীদের বিরুদ্ধে কী পদক্ষেপ করা যায়, সরকারের ভাবনা কী, জানতে চেয়েছিলেন তিনি। মন্ত্রী মুরলীধর জানিয়েছেন, বিমানের মধ্যে জোরে গান শোনা বা ভিডিয়োর দেখা নিয়ে আলাদা করে কোনও আইন নেই। তবে ডিজিসিএ-র ১৯৩৭ সালের বিমানবিধিতে যাত্রীদের বিশৃঙ্খল আচরণ মোকাবিলার বিধান রয়েছে। এ ক্ষেত্রেও সেটাই প্রযোজ্য হবে।

কী বলা আছে বিমানবিধিতে? নিয়ম অনুযায়ী, যদি বিমানের কোনও যাত্রীর আচরণ অন্য এক বা একাধিক যাত্রী কিংবা বিমানকর্মীর নিরাপত্তা বিঘ্নিত করে বা কারও অস্বস্তির কারণ হয়, তবে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। প্রথমত, বিমান সংস্থা মনে করলে ওই যাত্রীকে বিমান থেকে নামিয়ে দিতে পারে। তাঁকে আর বিমানে না তোলার সিদ্ধান্তও নেওয়া হতে পারে। দ্বিতীয়ত, বিমানের মধ্যে শৃঙ্খলা ভঙ্গ করলে যে কোনও যাত্রীকে আটকানো এবং তাঁর বিরুদ্ধে পদক্ষেপের ক্ষমতা রয়েছে পাইলটের হাতে। তৃতীয়ত, বিমানবিধি ভঙ্গ করলে সংশ্লিষ্ট যাত্রীকে জরিমানা করা হতে পারে।

Advertisement

কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, বিমানের মধ্যে সংস্থার তরফে মাঝে মাঝে কোমল সুর বাজানো হয়, যাত্রীদের বিনোদনের জন্য গান বা ভিডিয়ো চালানো হয়। এগুলি এই নিয়মের বাইরে। নিয়ম প্রযোজ্য হচ্ছে ব্যক্তিগত ভাবে মোবাইলে বা অন্য কোনও যন্ত্রে জোরে গান চালানোর ক্ষেত্রে। বিমানের ভিতরে ছবি তোলার বিধিনিষেধগুলিও মনে করিয়ে দিয়েছেন মন্ত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement