Supreme Court

সাংবিধানিক পদে বসে ধর্ম, বর্ণ, ভাষার ভিত্তিতে কোনও নির্দিষ্ট সম্প্রদায়কে আক্রমণ করা যায় না! সতর্ক করে দিল সুপ্রিম কোর্ট

ধর্ম, বর্ণ, ভাষা বা অঞ্চলের ভিত্তিতে কোনও নির্দিষ্ট সম্প্রদায়কে আক্রমণ করলে সংবিধান লঙ্ঘিত হয়। সাংবিধানিক পদাধিকারীদের তা স্মরণ করিয়ে দিল সুপ্রিম কোর্ট।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:২৮
Share:

সুপ্রিম কোর্ট। —ফাইল চিত্র।

সাংবিধানিক পদে বসে থেকে কেউ ধর্ম, বর্ণ, ভাষা বা অঞ্চলের ভিত্তিতে কোনও নির্দিষ্ট সম্প্রদায়কে আক্রমণ করতে পারেন না। এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, সরকারি পদে আসীন ব্যক্তি হোন বা সাধারণ মানুষ, কেউ-ই কোনও বক্তৃতা, মিম, কার্টুন বা ভিজ়্যুয়াল আর্টের মাধ্যমে কোনও সম্প্রদায়কে অপমান করতে পারেন না।

Advertisement

নীরজ পাণ্ডে পরিচালিত এক চলচ্চিত্রের নাম ঘিরে সম্প্রতি বিতর্ক দানা বাঁধে। ওই চলচ্চিত্রের নাম একটি নির্দিষ্ট সম্প্রদায়ের প্রতি অপমানজনক বলে অভিযোগ ওঠে। তা নিয়ে মামলা গড়ায় সুপ্রিম কোর্টেও। চলচ্চিত্র নির্মাতা পক্ষ ইতিমধ্যে সেই নাম পরিবর্তনের জন্য রাজি হয়েছে। ফলে মামলাটিরও নিষ্পত্তি হয়ে গিয়েছে। বুধবার ওই মামলার রায় প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। ওই মামলায় বিচারপতি উজ্জ্বল ভূঞা এক পৃথক রায়ে এই পর্যবেক্ষণ জানিয়েছেন।

নির্দেশনামায় বিচারপতি ভূঞা লেখেন, “ধর্ম, বর্ণ, ভাষা বা অঞ্চলের ভিত্তিতে কোনও নির্দিষ্ট সম্প্রদায়কে আক্রমণ করলে সংবিধান লঙ্ঘন করা হয়। তা তিনি যে-ই হোন না কেন। বিশেষ করে কোনও উচু সাংবিধানিক পদে বসে থাকা ব্যক্তিদের ক্ষেত্রে এটি আরও বেশি করে প্রযোজ্য। কারণ তাঁরা সংবিধানকে রক্ষা করার শপথ নিয়েছেন।”

Advertisement

সুপ্রিম কোর্টের বিচারপতি বিভি নাগরত্ন এবং বিচারপতি ভূঞার বেঞ্চে এই মামলাটি ছিল। গত ১৯ ফেব্রুয়ারিই এই মামলার নিষ্পত্তি করে দিয়েছে আদালত। ওই দিন নীরজের হলফনামা পাওয়ার পরে সুপ্রিম কোর্ট ওই মামলার নিষ্পত্তি করে দেয়। নিষ্পত্তি করার সময়ে বিচারপতিরা এ-ও জানান, আগামী দিনে এটি নিয়ে আর কোনও বিতর্ক হবে না বলে আশা করছে আদালত। এ অবস্থায় বুধবার বিচারপতি ভূঞা তাঁর রায়ে দেশবাসীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ এবং দেশের ঐক্যের কথা উল্লেখ করেন। বিচারপতি ভূঞা লেখেন, “ভ্রাতৃত্ববোধ গড়ে তোলা এবং জাতি, ধর্ম বা ভাষা নির্বিশেষে সকল সহ-নাগরিককে সম্মান করাই সাংবিধানিক ধর্ম। আমাদের প্রত্যেকের এটি অনুসরণ করা উচিত।”

সাম্প্রতিক সময়ে বিভিন্ন ক্ষেত্রে রাজনীতিকদের ‘বেফাঁস’ মন্তব্য করতে দেখা গিয়েছে। এ অবস্থায় সুপ্রিম কোর্টের এই মন্তব্য সাংবিধানিক পদের গুরুত্ব সকলকে ফের এক বার স্মরণ করিয়ে দিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement