Pakistan Cricket

২৪ বছরেই অবসর ক্রিকেটারের! নতুন বিতর্ক পাকিস্তানের ক্রিকেটে, কেন খেলা ছাড়লেন, জানিয়ে দিলেন নিজেই

দু’টি প্রথম শ্রেণির ম্যাচ খেলছেন ২৪ বছরের শাহজ়াইব ভাট্টি। একটি লিস্ট ‘এ’ ম্যাচ এবং কয়েকটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। রাজনীতি এবং দুর্নীতির শিকার হয়ে অবসর ঘোষণা করেছেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৬ ১৯:৩৩
Share:

পাকিস্তান ক্রিকেট দল। —ফাইল চিত্র।

পাকিস্তানের ক্রিকেটে রাজনীতি, দুর্নীতি, স্বজনপোষন নিয়ে ক্ষোভ উগরে দিলেন ২৪ বছরের এক ক্রিকেটার। শুধু সমাজমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেই থামেননি শাহজ়াইব ভাট্টি। অবসরও ঘোষণা করেছেন তিনি। ভাট্টির অবসরে নতুন বিতর্ক তৈরি হয়েছে সে দেশের ক্রিকেটে।

Advertisement

পাকিস্তানের ক্রিকেটে পরিকাঠামোর সমস্যা নিয়ে মুখ খুলেছেন অনেকেই। তবে ক্রিকেটে রাজনীতি এবং দুর্নীতি নিয়ে সরাসরি তরুণ ক্রিকেটার এ ভাবে আগে প্রকাশ্যে মুখ খোলেননি। স্বভাবতই ভাট্টির অবসর ঘোষণার সিদ্ধান্ত ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক।

২০২৪-২৫ মরসুমের কায়েদ-এ-আজ়ম ট্রফি ফাইনালে শিয়ালকোট অঞ্চলের হয়ে ৩২ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন। হাড্ডাহাড্ডি সেই ম্যাচে পেশোয়ার অঞ্চলের বিরুদ্ধে ১ রানে জয় পেয়েছিল ভাট্টির দল। ভাট্টির অভিযোগ, অজ্ঞাত কারণে ওই ম্যাচের পর আর খেলার সুযোগ দেওয়া হয়নি তাঁকে।

Advertisement

সমাজমাধ্যমে ভাট্টি লিখেছেন, ‘‘বিদায় পাকিস্তান ক্রিকেট। বিদায় পাকিস্তান ক্রিকেট। ২৪ বছর বয়সেই আমি পাকিস্তানের ক্রিকেটকে বিদায় জানাতে বাধ্য হচ্ছি। গত বছর কায়েদ-এ-আজ়ম ট্রফিজয়ী দলের অন্যতম সদস্য ছিলাম। টেলিভিশনে সরাসরি সম্প্রচার হয়েছিল ফাইনাল। ওই ফাইনালের পর টানা প্রায় ৪০টি ম্যাচ আমাকে বসিয়ে রাখা হয়েছে। আমার একমাত্র স্বপ্ন পাকিস্তানের হয়ে খেলা। কিন্তু রাজনীতি, দুর্নীতি, পরিকাঠামোর অভাব আমার ক্রিকেটজীবনের ক্ষতি করছে। আমার মতো অনেককেই জানি, যারা পাকিস্তান ক্রিকেটকে আগেই বিদায় জানিয়েছেন। যাই হোক, আমিও বিদায় জানালাম।’’

দু’টি প্রথম শ্রেণির ম্যাচ খেলছেন ভাট্টি। একটি লিস্ট ‘এ’ ম্যাচ এবং কয়েকটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। শিয়ালকোটের ভাট্টি পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে তেমন পরিচিত মুখ নন। তাও তাঁর অভিযোগ ঘিরে শোরগোল তৈরি হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement