IPL 2026

শুরু থেকে তিন বিদেশি, দলে অনামী ব্যাটার, রবিবার মুম্বইয়ের বিরুদ্ধে ওয়াংখেড়েতে প্রথম একাদশে চমক কেকেআরের

রবিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএল অভিযান শুরু হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের। সেই ম্যাচে কেকেআরের প্রথম একাদশে চমক দেখা যেতে পারে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৬ ০৯:৫০
Share:

কেকেআরের কোচ অভিষেক নায়ার (বাঁ দিকে) এবং অধিনায়ক অজিঙ্ক রাহানে। ছবি: সমাজমাধ্যম।

এ রকম প্রথম একাদশ চাননি কোচ অভিষেক নায়ার বা অধিনায়ক অজিঙ্ক রাহানে। কিন্তু চোট বদলে দিল ছবিটা। একের পর এক ক্রিকেটার চোট পেয়ে ছিটকে গিয়েছেন। ফলে বাধ্য হয়ে প্রথম একাদশ নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে কলকাতা নাইট রাইডার্সকে। রবিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএল অভিযান শুরু হচ্ছে কেকেআরের। সেই ম্যাচে তাদের প্রথম একাদশে চমক দেখা যেতে পারে।

Advertisement

সবচেয়ে সমস্যায় পড়েছে কেকেআরের পেস বোলিং। মুস্তাফিজুর রহমান, মাথিশা পাথিরানা, হর্ষিত রানাকে মাথায় রেখে বোলিং আক্রমণ সাজানো হয়েছিল। কিন্তু তিন জনই নেই। মুস্তাফিজুরকে বাদ দিতে হয়েছে। হর্ষিত চোট পেয়ে ছিটকে গিয়েছেন। পাথিরানারও চোট। তিনি কবে দলের সঙ্গে যোগ দেবেন, বা আদৌ দিতে পারবেন কি না, জানা নেই। ফলে পুরো পেস আক্রমণ বদলে ফেলতে হয়েছে।

পরিবর্ত পেসার হিসাবে জ়িম্বাবোয়ের ব্লেসিং মুজ়ারাবানিকে সই করিয়েছে কেকেআর। হর্ষিতের বদলে নেওয়া হয়েছে নবদীপ সাইনিকে। তাঁরা খেলবেন। বৈভব অরোরাকেও রাখা হবে দলে। চতুর্থ ও পঞ্চম পেসার হিসাবে রয়েছেন রমনদীপ সিংহ ও ক্যামেরন গ্রিন। ২৫ কোটি ২০ লক্ষ টাকার গ্রিন অবশ্য এক বা দু’ওভারের বেশি করতে পারবেন না। তবে শুরু থেকে চার বিদেশি খেলবেন না। তিন বিদেশিকে দিয়ে শুরু করবে কেকেআর। মুজ়ারাবানিকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে খেলানো হবে।

Advertisement

কেকেআরের স্পিন আক্রমণের ভার দুই অভিজ্ঞ সুনীল নারাইন ও বরুণ চক্রবর্তীর কাঁধে। নারাইনের বয়স আরও বেড়েছে। তাঁর ধার কতটা রয়েছে তা প্রতিযোগিতা শুরু হলে বোঝা যাবে। টি-টোয়েন্টি বিশ্বকাপে বরুণ উইকেট নিলেও রান দিয়েছেন। তিনিও নিজের পুরনো ছন্দ ফিরে পেতে চাইবেন। দুই স্পিনারকে সাহায্য করার জন্য রয়েছেন রিঙ্কু সিংহ।

মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলা। এখানে স্পিনারদের থেকে পেসারেরা বেশি সুবিধা পান বলে দু’জনের বেশি বিশেষজ্ঞ স্পিনার খেলবে না কেকেআর। ব্যাটিং আক্রমণের শুরুতে অভিজ্ঞ রাহানের সঙ্গে বিধ্বংসী ফিন অ্যালেন থাকবেন। যে হেতু অঙ্গকৃশ রঘুবংশী উইকেটরক্ষকের দায়িত্ব সামলাতে পারেন, তাই টিম সেইফার্টের জায়গা হবে না। রাহানে নিজের ঘরের মাঠেই খেলতে নামবেন।

মিডল অর্ডারের দায়িত্ব থাকবে গ্রিন ও রিঙ্কুর উপর। আইপিএলের সবচেয়ে দামি বিদেশি গ্রিন ওয়াংখেড়েতে শতরান করেছেন। সুতরাং পছন্দের মাঠেই নামবেন তিনি। রিঙ্কুকেও ফিনিশারের ভূমিকা সামলাতে হবে। এই দুই ব্যাটারের পরেই থাকবেন সার্থক রঞ্জন। অনামি ক্রিকেটার। কিন্তু হাত খুলে খেলতে পারেন। তাই শেষ দিকে ঝোড়ো ইনিংসের জন্য রমনদীপের পাশাপাশি সার্থকের উপর ভরসা করতে পারে ম্যানেজমেন্ট।

কেকেআরের সম্ভাব্য একাদশ

ফিন অ্যালেন, অজিঙ্ক রাহানে, অঙ্গকৃশ রঘুবংশী, ক্যামেরন গ্রিন, রিঙ্কু সিংহ, সার্থক রঞ্জন, রমনদীপ সিংহ, সুনীল নারাইন, বৈভব অরোরা, নবদীপ সাইনি, বরুণ চক্রবর্তী, ব্লেসিং মুজ়ারাবানি (ইমপ্যাক্ট প্লেয়ার)।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement