(বাঁ দিকে) হরভজন সিংহ এবং এস শ্রীসন্থ (ডান দিকে)। —ফাইল চিত্র।
রাঘব চড্ঢা-সহ রাজ্যসভার ছয় সতীর্থের সঙ্গে শুক্রবার আম আদমি পার্টি ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন হরভজন সিংহ। সে দিনই নতুন বিতর্কে জড়ালেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার। পঞ্জাবের নতুন বিজেপি নেতাকে বিঁধেছেন কেরলের বিজেপি নেতা সান্তাকুমারণ শ্রীসন্থ।
২০১৬ সালে বিজেপিতে যোগ দিয়েছিলেন ভারতীয় দলের প্রাক্তন জোরে বোলার। কেরলের বিধানসভা নির্বাচনে প্রার্থীও হয়েছিলেন। তাঁর ১০ বছর পর হরভজন যে দিন বিজেপিতে যোগ দিলেন, সে দিনই সরব হলেন শ্রীসন্থ। আবার সামনে নিয়ে এলেন আইপিএলের চড়কাণ্ড। ১৮ বছরের পুরনো বিতর্ককে উস্কে দিয়েছেন শ্রীসন্থ। জাতীয় দলের প্রাক্তন সতীর্থের বিরুদ্ধে শ্রীসন্থের অভিযোগ, চড়কাণ্ড নিয়ে বিজ্ঞাপন করে কোটি টাকা আয় করেছেন হরভজন। প্রাক্তন স্পিনারের নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন শ্রীসন্থ।
সম্প্রতি একটি বিজ্ঞাপনে দেখা গিয়েছে, চড় মেরে একটি জিনিস ঠিক করার চেষ্টা করছেন প্রাক্তন অফস্পিনার। ওই বিজ্ঞাপনের একটি চরিত্রের নাম ‘শ্রীনাম’। তাঁর মাথায় রয়েছে শ্রীসন্থের মতো ফেট্টি। এই বিজ্ঞাপনই শ্রীসন্থের ক্ষোভের কারণ।
কেরলের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে হরভজনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন শ্রীসন্থ। তিনি বলেছেন, ‘‘কখনও কোনও সাক্ষাৎকারে ভাজ্জিকে নিয়ে কিছু বলিনি। তবে এ বার মুখ খুলতেই হচ্ছে। এটাই প্রথম বার। কিছু দিন আগেও আমাদের মধ্যে কোনও সমস্যা ছিল না। কিন্তু ভাজ্জি সেই ঘটনাটা আবার টেনে এনেছে বিজ্ঞাপনের মাধ্যমে। বিজ্ঞাপনটা করার জন্য ও ৮০ লাখ থেকে ১ কোটি টাকা নিয়েছে। তার পর আমায় ফোন করে বিজ্ঞাপনটা আমার সমাজমাধ্যমের স্টোরিতে দিতে বলল! ওকে তখনই বলেছিলাম, ‘তোমায় ক্ষমা করলেও ঘটনাটা কখনও ভুলব না।’ আসলে ভুলে গেলে ও আবার একই কাজ করবে। ভাজ্জি সেটাই প্রমাণ করল। তবে আমার সঙ্গে কথা বলার পর নিজের সমাজমাধ্যমে বিজ্ঞাপনটা পোস্ট করার সাহস পায়নি ও।’’
হরভজনের কাছ থেকে অপ্রত্যাশিত প্রস্তাব পাওয়ার প্রাক্তন সতীর্থকে সমাজমাধ্যমে ব্লক করে দিয়েছেন জানিয়েছেন শ্রীসন্থ। তিনি বলেছেন, ‘‘এখন ওর সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। একটা সময় ওকে ভাই বলে ডাকতাম। গত দু’মাস বা এক মাস আগে বিজ্ঞাপনটা দেখার পর ওকে ব্লক করে দিয়েছি। আমার বাবা-মা অনেক বার বলেছেন, ঘটনাটা ভুলে যেতে। কিন্তু আমি ভুলতে পারিনি। ভাজ্জির বিরুদ্ধে আমার কোনও অভিযোগ নেই। ওকে আমার প্রয়োজনও নেই। ঈশ্বর ওর এবং ওর পরিবারের মঙ্গল করুন। বেশ কয়েকটা সাক্ষাৎকারে ভাজ্জি আমার মেয়েকে নিয়ে কথা বলেছে। রবিচন্দ্রন অশ্বিনকে দেওয়া সাক্ষাৎকারেও বলেছে। তাতে হয়তো কিছু মানুষের মনে হয়েছে, ও খুব ভাল মানুষ। হতে পারে ও মহান ব্যক্তি। কিন্তু আমার কাছে তা নয়। ভারতীয় দলে খেলার সময় থেকে এখনও পর্যন্ত আমার কাছে সব অভিনয়। শ্রীসন্থ এই অভিনয়টা মেনে নিতে পারে না।’’
২০০৮ সালে আইপিএলের প্রথম মরসুমে বিতর্কে জড়িয়ে ছিলেন হরভজন। সে সময় মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলতেন তিনি। কিংস ইলেভেন পঞ্জাবের সঙ্গে ম্যাচের পর আচমকাই শ্রীসন্থকে চড় মেরেছিলেন হরভজন। টেলিভিশনের ক্যামেরায় শ্রীসন্থকে কাঁদতে দেখা গিয়েছিল। সেই ঘটনার জন্য হরভজন বেশ কয়েক বার ক্ষমা চেয়েছেন। যদিও শ্রীসন্থের সঙ্গে তাঁর দূরত্ব থেকে গিয়েছে। সেই ঘটনা অবলম্বনে নতুন বিজ্ঞাপন করে আবার বিতর্ক উস্কে দিয়েছেন হরভজন।