ছবি: সংগৃহীত।
জন্মের পর বেশ কয়েক মাস কেটে গেলেও মা কেমন দেখতে তা ভাল ভাবে বুঝতে পারেনি একরত্তি। দৃষ্টিশক্তি দুর্বল হওয়ায় কোনও কিছুই পরিষ্কার ছিল না শিশুটির। হাসপাতালে গিয়ে চশমা পরতেই মাকে প্রথম বার স্পষ্ট ভাবে দেখল শিশু। সেই মুহূর্তের দৃশ্যটি ক্যামেরাবন্দি হয়ে ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভিডিয়োটি লক্ষ লক্ষ নেটাগরিকের হৃদয়ে ঝড় তুলেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল ভিডিয়োয় ধরা পড়েছে শিশুটির মাকে দেখার প্রথম প্রতিক্রিয়াটি। ভিডিয়োয় দেখা গিয়েছে শিশুটি তার মায়ের সঙ্গে চোখের হাসপাতালে এসেছে। মা তাকে কোলে নিয়ে আদর করছেন। দেখে বোঝাই যাচ্ছিল যে শিশুটির দৃষ্টিশক্তি কিছুটা দুর্বল। চিকিৎসক যখন তাকে চশমা পরিয়ে দেন, তখন শিশুটির মুখের ভাব বদলে যায়। চশমা পরে প্রথম বারের মতো সে মাকে স্পষ্ট ভাবে দেখতে পায়। মায়ের মুখ দেখতে পেয়ে শিশুটির মুখও মিষ্টি হাসিতে উজ্জ্বল হয়ে ওঠে। তার চোখে আনন্দ ও বিস্ময় দুই-ই ফুটে ওঠে। প্রথমে সে একদৃষ্টে তার মায়ের দিকে তাকায়। তার পর, মাকে অনুভব করার জন্য প্রথমে তার মুখ স্পর্শ করে। সন্তানের এই আনন্দে মায়ের চোখও আনন্দের অশ্রুতে ভরে ওঠে। ভিডিয়োটি দেখার পর শিশুটির হাসিমাখা মুখের সারল্য দেখে নেটাগরিকদেরও মন ভিজে উঠেছে।
ভিডিয়োটি ইনস্টাগ্রামে ট্রুথ_স্ফিয়ার নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর তা লক্ষ লক্ষ বার দেখা হয়েছে। লাইক ও কমেন্ট উপচে পড়েছে ভিডিয়োয়। এক নেটমাধ্যম ব্যবহারকারী ভিডিয়োটি দেখে লিখেছেন, ‘‘এটি ইন্টারনেটের সবচেয়ে সুন্দর ভিডিয়োগুলির মধ্যে একটি।’’