ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
ক্লাসে পড়াতে পড়াতেই ছাত্রীকে বিয়ের প্রস্তাব দিলেন ৫০ বছর বয়সি অধ্যাপক। ক্লাসরুমের মধ্যেই সকলের সামনে অধ্যাপক জানান যে তিনি ছাত্রীকে পছন্দ করেন ও ভালবাসেন। সংবাদ প্রতিবেদন অনুসারে ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরু গ্রামীণ জেলার একটি বেসরকারি মেডিক্যাল কলেজের শ্রেণিকক্ষের। ২৬ মার্চ নেলামঙ্গলার টি. বেগুরের সেই শিক্ষা প্রতিষ্ঠানের ঘটনার একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যম। যদিও এই ঘটনাটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল হওয়া সেই ক্লিপটিতে দেখা গিয়েছে, পোডিয়ামে দাঁড়িয়ে যেখানে অধ্যাপকেরা ক্লাস নেন সেখানে মাইকের সামনে দাঁড়িয়ে আছেন শিক্ষক। ক্লাসের ছাত্রছাত্রীদের সম্বোধন করার পর, তিনি এক নির্দিষ্ট ছাত্রীর উদ্দেশে তাঁর প্রেম ও বিয়ের প্রস্তাব ব্যক্ত করেন। অধ্যাপকের মুখে এই ধরনের কথা শুনে প্রথমে গোটা ক্লাস চুপ করে যায়। তিনি আরও দাবি করেন যে, ছাত্রীটিই এর আগে প্রথম অনুভূতির কথা জানিয়েছিলেন। তাই তিনি এ বার সেই প্রস্তাবটি গ্রহণ করছেন। এই উপলক্ষে তিনি ছাত্র-ছাত্রীদের চকোলেট বিতরণের কথা ঘোষণা করেন।
এই ঘোষণার পরই ছাত্রী প্রতিবাদ করতেই ক্লাসরুমের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। ছাত্রীটি অধ্যাপকের প্রস্তাবে সঙ্গে সঙ্গে আপত্তি জানান। তিনি বিষয়টি অধ্যক্ষের কাছে নিয়ে যাওয়ার কথা তোলেন। ভিডিয়োয় অধ্যাপককে জোর দিয়ে বলতে শোনা যায়, “তুমি কি আমাকে ‘আই লাভ ইউ’ বলোনি?’’ তিনি আরও উল্লেখ করেন যে তাঁর বক্তব্যের সমর্থনে সিসিটিভি ফুটেজ রয়েছে।
এর পরের ভিডিয়োয় দেখা গিয়েছে ক্লাসরুমের বাইরে অধ্যাপককে জুতোপেটা করছেন ছাত্রেরা। ভিডিয়োয় দেখা যায়, তাদের চারপাশে ঘটে চলা এই বিশৃঙ্খল দৃশ্যের মধ্যে সেই ছাত্রীটিও তাঁকে জুতো দিয়ে আঘাত করছেন, যাঁকে ওই অধ্যাপক বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। ভিডিয়োটি এক্স-এর ‘হেট ডিটেক্টর’ নামের একটি হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। ভিডিয়ো দেখে প্রচুর প্রতিক্রিয়া জমা পড়েছে মন্তব্য বিভাগে। এক নেটাগরিক লিখেছেন, “দেখে মনে হচ্ছে অধ্যাপক পড়ানো আর প্রেম নিবেদনের মধ্যে পার্থক্যটা ভুলে গিয়েছেন।’’ অন্য একজনের মন্তব্য, ‘‘৫০ বছর বয়সে এমন আচরণ? ছাত্রছাত্রীরা তাঁকে তাঁর আসল রূপটা মনে করিয়ে দিয়েছেন।”