ছবি: সংগৃহীত।
বিনোদন পার্কে মজাদার রাইডের পাশাপাশি থাকে কিছু বিপজ্জনক রাইডও। রোমাঞ্চের স্বাদ পেতে অনেকেই সেই রাইডগুলিতে ওঠেন। পরে অবশ্য ‘আত্মারাম খাঁচাছাড়া’ হওয়ার উপক্রম হয়। কিন্তু তাতেই তো মজা! রোলার কোস্টার সেই ধরনের একটি রাইড। বেঙ্গালুরুর নির্মীয়মাণ মেট্রোর লাইন দেখে সেই ভয় ধরানো রাইডের কথা মনে প়ড়ল বেঙ্গালুরুর অধিকাংশের। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই কয়েকটি ছবি ছড়িয়ে পড়েছে (যদিও সেই ছবিগুলির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘আর/বেঙ্গালুরু’ নামের অ্যাকাউন্ট থেকে রেডিটের পাতায় বেঙ্গালুরুর এক বাসিন্দা নির্মীয়ামাণ নম্মা মেট্রো লাইনের কয়েকটি ছবি পোস্ট করেছেন। ব্যস্ত রাস্তার পাশ দিয়েই মেট্রোর নতুন লাইন তৈরি করা হচ্ছে। বেশি উচ্চতা থেকে মেট্রোর লাইনটি ঢালু হয়ে এমন ভাবে নীচে নেমেছে যা দেখে রোলার কোস্টার রাইডের ভয়ঙ্কর বাইকের কথা মনে পড়ছে নেটপাড়ার অধিকাংশের।
এক নেটাগরিক আবার মজা করে এই নির্মীয়মাণ লাইনটিকে ‘মেট্রো কোস্টার’ বলে উল্লেখ করেছেন। আবার এক জন লিখেছেন, ‘‘মেট্রো কর্তৃপক্ষ তো যাত্রীদের বিনোদন পার্কে ঘোরার অভিজ্ঞতার সাক্ষ্ণী রাখতে চাইছেন।’’ বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে শহরের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করে নতুন করে এই মেট্রো লাইন তৈরি করছেন বেঙ্গালুরু মেট্রো কর্তৃপক্ষ।