ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
কখনও চকোলেট উপহার দেওয়ার দিন। আবার কখনও জড়িয়ে ধরার, আদর করে চুমু খাওয়ার দিন। প্রেম দিবসের আগে সারা সপ্তাহ জুড়েই ভালবাসা উদ্যাপনের নানা রকম দিন দিয়ে ক্যালেন্ডার সেজে থাকে। বুধবার অর্থাৎ ১১ ফেব্রুয়ারি ছিল ‘প্রমিস ডে’। ভালবাসার মানুষকে প্রতিশ্রুতি দেওয়ার দিন। কিন্তু তরুণীকে কথা দিয়ে সে কথা রাখতে পারলেন না তাঁর প্রেমিক। মনের দুঃখে নদীতে ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন তরুণী।
তবে ঠান্ডা জলে ঝাঁপ দিয়েই ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’ অবস্থা হল তাঁর। মরার ইচ্ছা মাথায় উঠল প্রেমিকার। মাঝনদীতে তরুণীকে বিপন্ন অবস্থায় দেখে তাঁর প্রাণ বাঁচাতে এগিয়ে গেলেন জেলেরা। তরুণীকে উদ্ধার করে তাঁদের নৌকায় তুললেন। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘নিউজ় অ্যালজেব্রা’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণী মাঝনদীতে হাত-পা ছুড়ে প্রাণ বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছেন। তরুণীকে ডুবে যেতে দেখে নৌকা নিয়ে সে দিকে তাড়াতাড়ি এগিয়ে যান দুই জেলে। তরুণীকে টেনে ধরে নৌকায় তুলে নেন তাঁরা। এই ঘটনাটি উত্তরপ্রদেশের গোরক্ষপুরের মাউ জেলার দোহারি ঘাটে ঘটেছে।
সংবাদমাধ্যম সূত্রে খবর, ‘প্রমিস ডে’তে তরুণীর প্রেমিক কথা দিয়ে আর সেই কথা রাখতে পারেননি। তাতেই ভেঙে পড়েন তরুণী। সরযূ নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেন তিনি। কিন্তু নদীতে ঝাঁপ দেওয়ার পর ঠান্ডা জলে কাঁপুনি ধরে গেল তরুণীর। প্রাণে বাঁচার জন্য ছটফট করছিলেন। তরুণীকে বিপদে দেখে প্রত্যক্ষদর্শীরা চেঁচামেচি করতে শুরু করেন। সঙ্গে সঙ্গে নৌকা নিয়ে সে দিকে রওনা হলেন দুই মৎস্যজীবী। মাঝনদী থেকে তরুণীকে উদ্ধার করলেন তাঁরা। বর্তমানে সম্পূর্ণ সুস্থ রয়েছেন তরুণী।