Viral Video

পোস্টার টাঙিয়ে, কেক কেটে উদ্‌যাপিত প্রিয় পোষ্যের জন্মদিন, আনা হল ব্যান্ডপার্টিও! মন ভাল করা ভিডিয়ো ভাইরাল

পোষ্য বিড়ালের জন্মদিন উপলক্ষে এক তরুণের কীর্তি দেখে চমকাল নেটদুনিয়া। কেক কাটার পাশাপাশি করা হল আরও অনেক কিছু।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ জুন ২০২৬ ১২:৪৮
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

পশুপ্রেমীরা অবোলা জীবেদের জন্য অনেক কিছুই করে থাকেন। দু’বেলা খেতে দেওয়া বা টিকার দায়িত্ব নেওয়া তো সাধারণ বিষয়। সে সবের বাইরে গিয়ে আরও নানা জিনিস করতে দেখা যায় তাঁদের। তবে সম্প্রতি ছড়িয়ে পড়া এক ভিডিয়োতে দেখা গেল এক সম্পূর্ণ অন্য চিত্র। পোষ্য বিড়ালের জন্মদিন উপলক্ষে এক তরুণের কীর্তি দেখে চমকাল নেটদুনিয়া। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ভিডিয়ো অনুসারে ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ে।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ছাদের উপর টেবিল পেতে কেক কাটার আয়োজন করা হয়েছে। নিমন্ত্রিতদের তালিকায় রয়েছে তরুণের বন্ধুদল এবং বাড়ির সদস্যরা-সহ পাড়ার লোকজন। কেকের সামনে পোষ্যকে কোলে নিয়ে বসে রয়েছেন তরুণ। কাটা হল কেক। কিন্তু জন্মদিন উদ্‌যাপন এখানেই শেষ হল না। বাড়ির সামনে সেই বিড়ালের ছবির পোস্টার ঝুলিয়ে শুভেচ্ছা জানানো হল। আনা হল ব্যান্ডপার্টি। বাজনার তালে নাচলেন সকলে। পাড়ার লোকজনও প্রিয় মার্জারের জন্মদিন উদ্‌যাপনে অংশ নিলেন। নাচে-গানে উদ্‌যাপিত হল বিড়ালের জন্মদিন। সেই সময় বিড়ালটিকে ঝুড়ির ভিতর ঢুকিয়ে রাখা হয়। ঝুড়িতে থাকা ছোট ছোট ছিদ্র দিয়ে বিড়ালটি সকলের নাচ দেখতে থাকল। তার চারিপাশে ঘোরানো হল টাকা। তার পর সেই টাকা মুখে নিয়ে তরুণ তাঁর বন্ধুদের সঙ্গে নাচলেন। মন ভাল করা সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘অভিনব.র’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রচুর নেটাগরিক ভিডিয়োটি দেখে ফেলেছেন। প্রায় তিন লক্ষ নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। নানা রকমের মন্তব্যে ভরে গিয়েছে ভিডিয়োটির মন্তব্যবাক্স। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘প্রতিটা বিড়ালের জন্মদিন এ ভাবে উদ্‌যাপিত করা উচিত।’’ অপর এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘এই বিড়ালের জন্মদিন আমার জন্মদিনের থেকে ভাল ভাবে পালন করা হয়েছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement