ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
খাদ্যে মিশ্রিত ভেজাল ঘিরে সাধারণ মানুষের চিন্তার শেষ নেই। সেই কারণে অনেকেই খাঁটি খাবার খাওয়ার উদ্দেশ্যে অধিক খরচা করে থাকেন। বহু মানুষই রয়েছেন যাঁরা বাজারচলতি প্যাকেটজাত দুধ খেতে পছন্দ করেন না। পরিবর্তে গরুর দুধ কিনে খান। তবে ব্যস্ত জীবনে খাটালে গিয়ে চোখের সামনে গরুর দুধ দোয়াতে দেখা এবং তার পর সেখান থেকে দুধ কিনে আনার সময় প্রায় কোনও মানুষেরই নেই। তাই ভরসা রাখতে হয় সেই অন্য জনের উপরই। কিন্তু সেই দুধওয়ালাই যদি গরুর দুধেও ভেজাল মেশান, তখন? তেমনই এক ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় ঘটেছে তা-ও সেই ভিডিয়ো থেকে স্পষ্ট ভাবে জানতে পারা যায়নি।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, দিনের বেলা রাস্তার এক ধারে বাইক নিয়ে দাঁড়িয়ে রয়েছেন দুই তরুণ। তাঁদের পাশে সারি ধরে রাখা রয়েছে অনেকগুলি প্যাকেটজাত দুধের ক্রেট। বাইকের দু’পাশে ঝোলানো রয়েছে অজস্র দুধের পাত্র। বাইকের পাশে কালো জামা পরে দাঁড়িয়ে থাকা তরুণ একটি দুধের ক্রেট নামিয়ে নিজের পাশে রাখলেন। তার পর সেখান থেকে এক এক করে দুধের প্যাকেট তুলে সেগুলির মুখ কাটলেন এবং দুধের পাত্রে ঢেলে দিতে লাগলেন। তাঁর পাশে মাথায় হেলমেট পরে দাঁড়িয়ে থাকা তরুণ তাঁকে নির্দেশ দিতে লাগলেন কোন পাত্রে কত প্যাকেট দুধ মিশাতে হবে। একই সঙ্গে নিজেও এক-দু’প্যাকেট দুধ পাত্রে ঢেলে নিলেন। গরুর দুধে প্যাকেটজাত দুধ মেশানোর সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
‘রাবণ’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রায় ৬৪ হাজারেরও বেশি বার ভিডিয়োটি দেখে ফেলা হয়েছে। প্রচুর নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। নানা রকম ক্ষোভমূলক মন্তব্যে ভরে গিয়েছে ভিডিয়োটির মন্তব্যবাক্স। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘শহরের সব জিনিসেই ভেজাল মেশানো থাকে।’’ অপর এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘এ ভাবে এ সমস্ত মানুষ প্যাকেটজাত দুধকে বেশি দামে গরুর দুধ বলে বিক্রি করেন।’’