Viral Video

গলায় ফাঁস লেগে ছাদ থেকে ঝুলছিল চতুষ্পদ, প্রাণরক্ষা করলেন স্থানীয়েরা! পুনর্জীবনপ্রাপ্তির ভিডিয়ো ভাইরাল

চারতলা উঁচু বাড়ির ছাদ থেকে ঝুলে রয়েছে ছাগল। বাঁচার জন্য গলা ছেড়ে চিৎকার জুড়েছে। তা দেখে পাড়ার বাসিন্দারা যা করলেন তা মন ছুঁয়ে গেল সকলের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ মে ২০২৬ ১০:০০
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

দিনের বেলার ব্যস্ত সময়। সকলে কাজে ব্যস্ত। সেই সময় কানে ভেসে এল এক অবোলা প্রাণীর আর্তনাদ। বাড়ির বাইরে বেরিয়ে যা দেখলেন তাতে সকলের চক্ষু চড়কগাছ হয়ে গেল। চারতলা উঁচু বাড়ির ছাদ থেকে ঝুলে রয়েছে ছাগল। বাঁচার জন্য গলা ছেড়ে চিৎকার জুড়েছে। তা দেখে পাড়ার বাসিন্দারা যা করলেন তা মন ছুঁয়ে গেল সকলের। সেই ঘটনার ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ভিডিয়ো অনুসারে ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের কৌসা এলাকার আলমাস কলোনিতে।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ছাদ থেকে ঝুলে রয়েছে ছাগল। গলায় বাঁধা দড়ি। হয়তো সেই দড়ির সাহায্যে ছাদে তাকে বেঁধে রাখা হয়েছিল। লাফালাফি করতে গিয়ে বেকায়দায় ছাদ থেকে পড়ে গিয়েছে। এখন সেই অবস্থাতেই ঝুলে রয়েছে সে। তাকে প্রাণে বাঁচাতে এগিয়ে এলেন স্থানীয়েরা। এক ব্যক্তি চারতলার জানলায় লাগানো গ্রিল থেকে ছাগলটিকে শক্ত করে ধরলেন। ছাগলের গলায় লাগা ফাঁসকে আলগা করে দিলেন তিনি। তার পর চতুষ্পদের পেটের কাছটা শক্ত হাতে ধরে একটু উপরের দিকে তুললেন। অন্য দিকে ছাদে মই হাতে দাঁড়িয়ে ছিলেন এক তরুণ। সেই মই বেয়ে চার তলার কার্নিশে নেমে এসেছেন এক ব্যক্তি। তিনি ছাগলের সামনের পাগুলি ধরার জন্য হাত বাড়ালেন। সেখান থেকে পড়ে গেলে যে নিজেরও প্রাণের ঝুঁকি হতে পারে তা নিয়ে ভাবলেন না। ছাগলটি যেন বেকায়দায় না পড়ে যায় তা ভেবে জানলার গ্রিলে বসে থাকা ব্যক্তি ছাগলটিকে ধরে রাখেন। এ ভাবে শেষ পর্যন্ত বিপদের মুখ থেকে তাকে উদ্ধার করা হয়। মন ছুঁয়ে যাওয়া সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘সেভ_আওয়ার_স্ট্রেস_অফ_মুম্ব্রা’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রচুর নেটাগরিক ভিডিয়োটি দেখে ফেলেছেন। প্রায় পাঁচ হাজার নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। নেটাগরিকেরা তাঁদের এই কাজের প্রশংসা করেছেন। নানা রকম মন ভাল করা মন্তব্যে ভরে গিয়েছে ভিডিয়োটির মন্তব্যবাক্স।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement