Viral Video

ভরা হোয়াইট হাউসে অনুষ্ঠানের মাঝেই ঘুমে ঢুলে পড়লেন ট্রাম্প! ভাইরাল ভিডিয়ো দেখে ‘স্লিপি ডন’ আখ্যা নেটাগরিকদের

হোয়াইট হাউসে অবস্থিত ওভাল অফিসে চলছে অনুষ্ঠান। উপস্থিত ট্রাম্প প্রশাসনের ঊর্ধ্বতন কর্তাব্যক্তিরা। অনুষ্ঠানের মাঝেই চেয়ারে বসে ঘুমোচ্ছেন আমেরিকার প্রেসিডন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ মে ২০২৬ ১৫:৩৪
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কমবেশি সব সময়ই খবরের শিরোনামে থাকেন। কখনও তাঁর মন্তব্যের জন্য, কখনও আবার তাঁর কোনও কাজের জন্য। এ বার তাঁকে হোয়াইট হাউসের ওভাল অফিসে বসে ঘুমে ঢুলে পড়তে দেখা গেল। অন্য যে কোনও সময় হলে হয়তো ব্যাপারটা এতটা চর্চিত হত না। কিন্তু হোয়াইট হাউসে তাঁর অফিসে অনুষ্ঠিত হওয়া মাতৃস্বাস্থ্যসেবা বিষয়ক এক অনুষ্ঠানের মাঝে ঝিমোতে লাগলেন তিনি। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

১১ মে, সোমবার হোয়াইট হাইসের ওভাল অফিসে মাতৃস্বাস্থ্যসেবা বিষয়ক এক সমাবেশ ছিল। স্থানীয় সময় সকাল ১১টায় সেই অনুষ্ঠান সূচিত হয়। সেখানে উপস্থিত ছিলেন ট্রাম্প প্রশাসনের ঊর্ধ্বতন কর্তাব্যক্তিরা। আমেরিকার স্বাস্থ্য এবং মানবসেবা সচিব রবার্ট এফ কেনেডি জুনিয়র, রিপাবলিকান সেনেটর কেটি ব্রিট, ডঃ মেহমেত ওজ়, সমাজসেবী অলিভিয়া ওয়ালটন-সহ অন্যরা। আমেরিকার নারীদের সন্তান ধারণের বিষয়ে উৎসাহী করার উদ্দেশ্যে ট্রাম্প সরকার ‘মমসডটগভ’ নামের সরকারি ওয়েবসাইট চালু করেছে। সেই ওয়েবসাইটের উদ্বোধনী অনুষ্ঠান ছিল সোমবার।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ওভাল অফিসে নিজের আসনে বসে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর পিছনে দাঁড়িয়ে রয়েছেন ঊর্ধ্বতন ব্যক্তিরা। এক সরকারি আধিকারিক কথা বলছেন মহিলা সাংবাদিকদের সঙ্গে। বাকিরা মাথা নাড়িয়ে তাঁকে সমর্থন জানাচ্ছেন। কিন্তু সে সব দিকে হুঁশ নেই আমেরিকার প্রেসিডেন্টের। তিনি চেয়ারে বসে বসেই ঘুমে ঢলে পড়ছেন। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

Advertisement

‘হেডকোয়ার্টার্স’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে ২০ লক্ষেরও বেশি বার ভিডিয়োটি দেখে ফেলা হয়েছে। ভিডিয়ো দেখে নেটাগরিকেরা ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বহু নেটাগরিক আবার ট্রাম্পকে ‘স্লিপি ডন’ বলেছেন। অনেক নেটাগরিক মনে করছেন, ট্রাম্প হয়তো অসুস্থ। সেই কারণে সমাবেশের মাঝে তিনি এ ভাবে ঘুমিয়ে পড়ছেন। যদিও হোয়াইট হাউস থেকে এ সংক্রান্ত কোনও বিবৃতি দেওয়া হয়নি। পুরোটাই নেটাগরিকদের ধারণা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement