অফলাইনে আবেদনের চাপ কমাতে অনলাইনে ‘যুবসাথী’ প্রকল্পের আবেদন গ্রহণের সিদ্ধান্ত রাজ্য সরকারের। —ফাইল চিত্র।
রাজ্যের যুবকল্যাণ দফতরের উদ্যোগে ‘যুবসাথী’ প্রকল্পের জন্য এ বার চালু হল ‘ডেডিকেটেড পোর্টাল’— https://yubasathi.wb.gov.in । শুক্রবার সরকারের তরফে এ কথা জানানো হয়েছে। এত দিন অনলাইনে আবেদন করতে হত https://apas.wb.gov.in পোর্টালের মাধ্যমে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে, বিশেষ করে সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টার মধ্যে আবেদন করার ঘোষণা থাকায় বহু আবেদনকারী সমস্যার মুখে পড়তেন। সার্ভার চাপ ও প্রযুক্তিগত জটিলতার অভিযোগও উঠেছিল।
এই পরিস্থিতিতে আলাদা পোর্টাল চালু করায় এখন থেকে দিনে ২৪ ঘণ্টাই অনলাইনে আবেদন করা যাবে। ফলে সময়ের সীমাবদ্ধতা আর থাকছে না এবং আবেদন প্রক্রিয়া হবে আরও সহজ ও স্বচ্ছ হবে বলে সরকারের দাবি। তবে নতুন ‘ডেডিকেটেড পোর্টাল’ চালু হলেও আবেদন পদ্ধতিতে কোনও পরিবর্তন আনা হয়নি। আগের মতোই প্রয়োজনীয় নথি ও তথ্য দিয়ে আবেদন করতে হবে। সরকারি সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত থেকেই নতুন ‘ডেডিকেটেড পোর্টাল’টি চালু হয়েছে।
এর ফলে যুবকদের আবেদন প্রক্রিয়া আরও দ্রুত ও সুবিধাজনক হবে বলে মনে করা হচ্ছে। এর আগে গত ১৫ ফেব্রুয়ারি রাত থেকে প্রথম ‘যুবসাথী’ প্রকল্পের জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছিল। নবান্ন সূত্রের খবর, অফলাইনে আবেদনের চাপ কমাতেই এমন পদক্ষেপ করা হয়েছিল। কারণ, সরকারি সূত্র বলছে, প্রথম দিনে সাড়ে ৫ লক্ষের বেশি আবেদন জমা পড়েছে অফলাইনে। আবেদন করতে গেলে প্রথমে পোর্টালে লগইন করে প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে। এর মধ্যে রয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কশিট, আধার কার্ড, ভোটার কার্ড, জাতিগত শংসাপত্র, সাম্প্রতিক পাসপোর্ট সাইজ় ছবি এবং একটি সাদা কাগজে নিজের নাম সই করে সেই কাগজের স্পষ্ট ছবি। সমস্ত নথি নির্ধারিত ফরম্যাটে আপলোড করার পর আবেদনকারীর মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠানো হবে। ওই ওটিপি নির্দিষ্ট স্থানে প্রদান করলেই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে।
সফল ভাবে আবেদন জমা পড়লে আবেদনপত্রের প্রতিলিপি ডাউনলোড করার সুবিধাও রাখা হয়েছে। ভবিষ্যতের প্রয়োজনে সেই কপি সংরক্ষণ করে রাখার পরামর্শ দিয়েছে প্রশাসন। রাজ্য সরকারের তরফে আগেই জানানো হয়েছে, আবেদন সংক্রান্ত কোনও প্রযুক্তিগত সমস্যার ক্ষেত্রে পোর্টালের নির্দেশিকা ভাল ভাবে পড়ে নিতে হবে। প্রয়োজনে নির্দিষ্ট হেল্পডেস্ক নম্বরেও যোগাযোগ করা যেতে পারে। প্রসঙ্গত, গত ৫ ফেব্রুয়ারি রাজ্যের অন্তর্বর্তিকালীন বাজেটে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ‘যুবসাথী’ প্রকল্পের ঘোষণা করেছিলেন। প্রাথমিক ভাবে জানানো হয়েছিল, আগামী ১৫ অগস্ট থেকে এই প্রকল্প চালু হবে। তবে ১০ ফেব্রুয়ারি নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, প্রকল্পটি ১ এপ্রিল থেকেই কার্যকর হবে। সেই সিদ্ধান্ত অনুযায়ী রবিবার থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদনপত্র বিলির সময়সীমা নির্ধারণ করা হয়েছে। যুবসাথী প্রকল্পের আওতায় ২১ থেকে ৪০ বছর বয়সি মাধ্যমিক পাশ যুবক-যুবতীরা আবেদন করতে পারবেন। কর্মসংস্থান না পাওয়া পর্যন্ত অথবা সর্বাধিক পাঁচ বছর ধরে মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।