(বাঁ দিকে) অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং শমীক ভট্টাচার্য (ডান দিকে)। ফাইল চিত্র।
গত রবিবার ফলতায় পুনর্নির্বাচনের প্রচারে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছিলেন তিনি। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বৃহস্পতিবার ফের খোঁচা দিলেন তৃণমূলের লোকসভার নেতা তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। ঘটনাচক্রে, ফলতায় পুনর্নির্বাচনের দিনেই।
অভিষেককে কটাক্ষ করে বৃহস্পতিবার শমীক বলেন, ‘‘উনি এ বার একটু আন্দোলন করুন, তা হলে ঠিকঠাক লাগবে। ফলতায় কোনও প্রচার নেই, পোস্টার নেই। বিজেপির পতাকা খোলার লোক নেই। তৃণমূলের পতাকা লাগানোর লোকও নেই।’’ প্রসঙ্গত, ফলতার বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডার প্রচারে গিয়ে রবিবার শমীক বলেছিলেন, ‘‘পুলিশ নেই, তাই নেতা নেই। কনভয় নেই, তাই হুঙ্কার নেই! আমরা তো বলছি, আপনি আসুন ফলতায়। প্রচার করুন। আমাদের কর্মীরা, জেলা সভাপতি ফুল নিয়ে শাঁখ বাজিয়ে আপনাকে স্বাগত জানাবেন।’’ ডায়মন্ড হারবারের সাংসদের উদ্দেশে তিনি বলেন, ‘‘আপনি আসুন, হে বীর তোমার আসন পূর্ণ করো। তোমাকে আমরা মিস্ করছি। ভীষণ... তুমি এসো।’’
ঘটনাচক্রে, শমীকের ওই সভার দু’দিন পরে ফলতার তৃণমূল প্রার্থী ‘অভিষেক ঘনিষ্ঠ নেতা’ জাহাঙ্গির খান ভোটের লড়াই থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন। মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়ে আলোচনার জন্যই দিল্লিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তিনি দিল্লি যাচ্ছেন বলে জল্পনা তৈরি হয়েছে। কিন্তু বৃহস্পতিবার সেই জল্পনায় জল ঢেলে দিয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন, ‘‘এই দিল্লি সফরে মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়ে কোনও বৈঠক হওয়ার সম্ভবনা নেই।’’ কবে মন্ত্রিসভার সম্প্রসারণ হবে সে সম্পর্কেও কোনও মন্তব্য করেননি শমীক।