ফাইল চিত্র।
ক্লাসে দুষ্টুমি করার অপরাধে স্কুল থেকে বহিষ্কার করা হয়েছিল দ্বিতীয় শ্রেণির ছাত্রটিকে। গিরিশ পার্কের নোপানি হাইস্কুলের সেই ঘটনার জের গড়ায় হাইকোর্ট পর্যন্ত। বুধবার সেই মামলায় ওই শিশুটিকে স্কুলে ফিরিয়ে নিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আগামী ২১ জুলাইয়ের মধ্যে স্কুল ছাত্রটিকে ফেরত নিয়েছে কি না, তা-ও জানাতে হবে আদালতকে। না-হলে আদালত অবমাননার দায়ে পড়বেন স্কুল কর্তৃপক্ষ।
দিন পনেরো আগে গিরিশ পার্কের ইংরেজি মাধ্যম ওই স্কুলের বাংলা ক্লাসে শিক্ষিকার অনুমতি ছাড়া সামনের দিকের বেঞ্চে বসেছিল ছাত্রটি। সেই ‘অপরাধে’ ক্লাস থেকে বার করে দেওয়া হয় তাকে। পরে তাকে স্কুল থেকেও বহিষ্কার করা হয়। এর পরেই রাজ্যের শিশু অধিকার রক্ষা কমিশনে যান ওই পড়ুয়ার মা। শুনানির জন্য প্রধান শিক্ষিকাকে ডেকে পাঠায় কমিশন। কিন্তু কমিশনের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে যান স্কুল কর্তৃপক্ষ।
কমিশনের আইনজীবী স্বরূপমকান্তি দাস জানিয়েছেন, স্কুলের তরফে রিট পিটিশনের ভিত্তিতে হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী ওই পড়ুয়াকে স্কুলে ফেরানোর নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার স্বরূপমকান্তিবাবু বলেন, ‘‘আদালত জানিয়েছে, ওই পড়ুয়াকে বহিষ্কার করার সিদ্ধান্ত অন্যায় ছিল। এ বিষয়ে কমিশন যে শুনানি ডেকেছিল এবং যে নির্দেশ দিয়েছিল, তা ঠিক সিদ্ধান্ত ছিল।’’ এ দিন স্কুলের আইনজীবী ভাস্কর মুখোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনও মন্তব্য করবেন না বলে জানিয়ে দেন।