TMC

কর্মীদের মধ্যে উদ্দীপনা তৈরিই লক্ষ্য, ২১ জুলাই মমতার ভার্চুয়াল সভার লোগো প্রকাশ

করোনা অতিমারির প্রকোপে গত বছরের মতো তৃণমূলের ২১ জুলাইয়ের শহিদ দিবসের সমাবেশ হবে ভার্চুয়ালি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ জুলাই ২০২১ ২১:২৫
Share:

ফাইল ছবি

করোনা মহামারির প্রকোপে গত বছরের মতো এ বারও তৃণমূলের ২১ জুলাই শহিদ দিবসের সমাবেশ হবে ভার্চুয়ালি। কর্মী সমর্থকদের মনে ভার্চুয়াল সমাবেশ ঘিরে উদ্দীপনা তৈরি করতে নেটমাধ্যমে প্রকাশ করা হল সমাবেশের নতুন লোগো। বৃহস্পতিবার দুপুরে ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’-এর ফেসবুক অ্যাকাউন্টে এই লোগোটি প্রকাশ করা হয়েছে। ওই লোগোর নীচেই লিখে দেওয়া হয়েছে, নতুন এই ফ্রেম-এ সবাই নিজেদের ছবি লাগান।

Advertisement

নতুন এই লোগোতে ২১ জুলাইয়ের সমাবেশে বক্তৃতারত তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দু’টি ছবি ব্যবহার করা হয়েছে। সঙ্গে লেখা হয়েছে, ‘২১ জুলাই শহিদ স্মরণে’ প্রধান বক্তা-মমতা বন্দ্যোপাধ্যায়। ১৯৯৩ সালে যুব কংগ্রেসের কর্মসূচিতে কলকাতায় পুলিশের গুলি চালনার ঘটনার পর থেকেই প্রতি বছর ধর্মতলায় জনসমাবেশ করে শহিদ দিবস পালন করেন মমতা। ১৯৯৮ সালের ১ জানুয়ারি কংগ্রেস ছেড়ে নতুন দল তৃণমূল গড়ে এই কর্মসূচি পালন করে আসছেন তিনি। শুধুমাত্র ২০১১ সালে রাজ্যে ক্ষমতা দখলের পর শহিদ দিবসের কর্মসূচি হয়েছিল ব্রিগেডে। তৃতীয়বার সরকার গঠনের পরও মুখ্যমন্ত্রী বিজয় সমাবেশ ব্রিগেডে করবেন বলে ঘোষণা করে জানিয়েছিলেন যথা সময়ে দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে।

Advertisement

তৃণমূলের লোগো।

কিন্তু ফের নবান্ন দখলের পর এটাই প্রথম ২১ জুলাই। ২০২০ সালের আগে এই কর্মসূচির প্রস্তুতি শুরু হত এক মাস আগে থেকে। জেলায় জেলায় সমাবেশ, পথসভা করে শহিদ দিবসের প্রচার হত এক মাস ধরে। আর কলকাতায় সভার আগের কয়েকদিন দূরদূরান্ত থেকে আগত কর্মীদের থাকা খাওয়ার বন্দোবস্ত করতেন দলের শীর্ষ নেতৃত্বই। কিন্তু গত বছর থেকে করোনা আবহে বাধ্য হয়েই ভার্চুয়াল সমাবেশ করতে হচ্ছে তৃণমূল নেতৃত্বকে। তাই নেটমাধ্যমেই কর্মীদের ভার্চুয়াল সমাবেশ নিয়ে উদ্দীপনা তৈরি করতে নতুন লোগোটি আনা হয়েছে বলেই মন্তব্য করেছেন এক তৃণমূল নেতা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement