নির্বাচন কমিশনের কড়া নজরদারিকে রীতিমতো কটাক্ষ করলেন সাংসদ শিশির অধিকারী। মঙ্গলবার পাঁশকুড়ার প্রতাপপুর নারায়ণদিঘি মাঠে দলীয় প্রার্থী ফিরোজা বিবির সমর্থনে আয়োজিত এক কর্মিসভায় পূর্ব মেদিনীপুর েজলা তৃণমূল সভাপতি শিশিরবাবু বলেন, ‘‘মিলিটারি এসেছে তো কার কি? এর আগে কি ভোটে মিলিটারি আসেনি? এসপি বদলি করা হয়নি? এ ভেল্কি আমাদের কাছে দেখিয়ে লাভ নেই।’’ বিধানসভা নির্বাচনের সূচি অনুযায়ী একেবারে শেষ দফায় ৫ মে ভোট পূর্ব মেদিনীপুরে। তাই এই পর্বের ভোটে বেশি সংখ্যক কেন্দ্রীয় বাহিনী ও পর্যবেক্ষক আসার সম্ভবনা। সে বিষয়েও এ দিন মন্তব্য করেন শিশিরবাবু, ‘‘সিংহ, বাঘ, হাতি, ঘোড়া যত পারেন আনুন। গণতান্ত্রিকভাবেই এখানে ভোট হবে।’’ তিনি দাবি করেন জেলার ১৬টি আসনেই জিতবে তৃণমূল। সভা থেকে সংবাদমাধ্যমকেও এক হাত নেন শিশিরবাবু। বাম-কংগ্রেসের জোট আক্রমণ করে শুভেন্দু অধিকারী বলেন, ‘‘যে কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য একসময় হাওড়া জেলার আমতার কাঁদুয়াতে ১৩ জনের কব্জি কেটেছিল সিপিএম। সেই সিপিএমের পায়ে পড়েছে কংগ্রেস। ভাবতে লজ্জা করে।’’ কর্মিসভায় ভাষণ দেন ফিরোজা বিবি, জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি আনিসুর রহমান, পাঁশকুড়ার পুরপ্রধান জাকিউর রহমান খান প্রমুখ।