পাতালেশ্বর মন্দিরে পুণ্যার্থীদের লাইন। ছবি: গৌতম প্রামাণিক।
জেলা জুড়ে রবিবার সোৎসাহে পালিত শিবরাত্রি। এ দিন জেলার বিভিন্ন মন্দিরে শিবের মাথায় জল ঢালার জন্য মহিলাদের লাইন পড়ে। মেলা শুরু হয়েছে শক্তিপুরের কপিলেশ্বর ধামে। ১৫ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে সেই মেলা।
এ দিন সকাল থেকে ভক্তদের ভিড় দেখা গিয়েছে বহরমপুর, ইসলামপুর, কান্দি, হরিহরপাড়া-সহ জেলার বিভিন্ন মন্দিরে। বিকেলের পরে ভিড় আরও বাড়ে। জেলার বাইরে থেকেও ভক্তরা এসেছিলেন ব্যাসপুর শিব মন্দিরে। শিবের মাথায় জল দেওয়ার জন্য লম্বা লাইন পড়ে সেখানে। কাশিমবাজার পাতালেশ্বর মন্দিরেও একই চিত্র দেখা গিয়েছে। বহরমপুরের ঘাট থেকে জল নিয়ে ভক্তদের অনেকে সাগরপাড়ার উদ্দেশে রওনা দেন। শিবরাত্রি উপলক্ষে ১২ দিনের মেলা বসেছে শক্তিপুরের কপিলেশ্বর শিব মন্দিরে। রাজ্যের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ এখানে এসেছেন। শক্তিপুরের শিবপুর কপিলেশ্বর মন্দির প্রাঙ্গণ ও শক্তিপুর প্রতাপ সঙ্ঘ ফুটবল ময়দান জুড়ে মেলা দেখতেও ভিড় কম নয়। মহাতীর্থ কপিলেশ্বর ধাম কমিটির সম্পাদক তাপস ঘোষ বলেন, “শোনা যায়, রাজা শশাঙ্কের সময় থেকে এই মন্দির রয়েছে। বর্তমান মন্দিরের বয়স ৫০ বছর। তার আগে মন্দির দু’বার ভেঙেছে। ভাগীরথীর গর্ভে বিলীন হয়েছে। কথিত আছে, সেই পুরনো মন্দিরের জমি ছিল রাজা কৃষ্ণচন্দ্র রায়ের বংশধর সৌরীন্দ্রনাথ রায়ের নামে। রবিবার সহস্র কণ্ঠে গীতাপাঠ ও গঙ্গার ঘাটে গঙ্গারতি হয়।” কপিলেশ্বর মন্দির কমিটির সভাপতি শঙ্কর ঘোষ জানান, মুর্শিদাবাদ জেলার নানা অংশ, নদিয়া, পূর্ব বর্ধমান এবং অন্য জেলা থেকে লোক আসেন।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে