Iran War

‘এ বার চরম প্রতিশোধের পালা, হরমুজ় বন্ধই থাকবে’! জখমের ‘খবর’ প্রচারের পরেই ইরান থেকে বিবৃতি মোজ়তবার

মোজ়তবা জানিয়ে দিয়েছেন, যুদ্ধ পরিস্থিতিতে হরমু়জ় প্রণালী অবরুদ্ধ করে রাখবে ইরান সেনা। তাঁর কথায়, ‘‘শত্রুর উপর চাপ সৃষ্টির কৌশল হিসাবেই অবরুদ্ধ করে রাখা হবে হরমুজ় প্রণালী।’’

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ মার্চ ২০২৬ ২১:৪২
Share:

মোজ়তবা খামেনেই। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদপত্র ‘দ্য সান’ দাবি করল, মার্কিন হামলায় গুরুতর জখম হয়েছেন ইরানের নবনির্বাচিত সর্বোচ্চ নেতা মোজ়তবা খামেনেই। তার কয়েক ঘণ্টার মধ্যেই মোজ়তবার বিবৃতি প্রকাশ করল তেহরান!

Advertisement

বিবৃতিতে আমেরিকা এবং ইজ়রায়েলকে হুঁশিয়ারি দিয়ে নিহত আয়াতোল্লা আলি খামেনেইয়ের ৫৬ বছর বয়সি পুত্র বলেছেন, ‘‘যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যাঁরা নিহত হয়েছেন এ বার তাঁদের মৃত্যুর প্রতিশোধ নেওয়াই হবে আমাদের প্রধান লক্ষ্য।’’ পাশাপাশি ওই বিবৃতিতে মোজ়তবা জানিয়ে দিয়েছেন, যুদ্ধ পরিস্থিতিতে হরমু়জ় প্রণালী অবরুদ্ধ করে রাখবে ইরান সেনা। তাঁর কথায়, ‘‘শত্রুর উপর চাপ সৃষ্টির কৌশল হিসাবেই অবরুদ্ধ করে রাখা হবে হরমুজ় প্রণালী।’’

সরকারি টিভি চ্যানেল মারফত প্রচারিত ওই অডিয়ো বিবৃতিতে মোজ়তবার মন্তব্য, ‘‘প্রতিশোধের একটি সীমিত অংশ ইতিমধ্যেই বাস্তব রূপ নিয়েছে। কিন্তু চূড়ান্ত লক্ষ্যপূরণ না হওয়া পর্যন্ত সেটিই হবে আমাদের অগ্রাধিকার।’’ সেই সঙ্গে পশ্চিম এশিয়ায় দেশগুলিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতার আশ্বাস— ‘‘প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরান বন্ধুত্বপূর্ণ সম্পর্কে বিশ্বাস করে। কিন্তু এই দেশগুলিতে থাকা মার্কিন সেনাঘাঁটি নিশানা করে আমরা হামলা চালিয়ে যাব।’’ ঘটনাচক্রে, বৃহস্পতিবার হরমুজ় প্রণালীতে কয়েকটি তেলবাহী জাহাজের উপর হামলা চালিয়েছে ইরানের ‘ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর’ (আইআরজিসি)।

Advertisement

প্রসঙ্গত, ইরানের এক চিকিৎসকের সূত্র উদ্ধৃত করে ‘দ্য সান’-এর দাবি, মোজ়তবা বর্তমানে কোমায় রয়েছেন। তিনি রাজধানী তেহরানের সিনা ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন। মার্কিন হামলায় তিনি পা হারিয়েছেন, গুরুতর জখম হয়েছে যকৃৎ। ইরানের স্বাস্থ্যমন্ত্রী তথা বিশেষজ্ঞ চিকিৎসক মহম্মদ রেজা জাফরগজ়ানির নেতৃত্বাধীন মেডিক্যাল বোর্ড তাঁর চিকিৎসার তত্ত্বাবধান করছে। প্রসঙ্গত, মোজ়তবা নতুন নেতা মনোনীত হওয়ার পরে গত ৯ মার্চ ইরানের সরকারি সংবাদমাধ্যমে তাঁকে ‘জানবাজ় অফ রমজ়ান’ হিসাবে উল্লেখ করা হয়েছিল। আর তার পর থেকেই খামেনেই-পুত্রের শারীরিক অবস্থা নিয়ে জল্পনা ছড়ায়। কারণ, ওই শব্দবন্ধের অর্থ হল ‘এক আহত অভিজ্ঞ সেনাপতি’। নতুন দায়িত্ব পাওয়ার পরে এখনও তাঁকে প্রকাশ্যে দেখা যায়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement