E-Paper

ভোটাধিকার নিয়ে দল কী করেছে, প্রচারের নির্দেশ অভিষেকের

ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার বিষয়টি গোটা রাজ্যের নির্বাচনে গুরুত্বপূর্ণ হয়ে উঠলেও, সংখ্যালঘু অধ্যুষিত মালদহ ও মুর্শিদাবাদে এটি বিশেষ মাত্রা যোগ করেছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৬ ০৭:৩৪
অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অভিষেক বন্দ্যোপাধ্যায়। — ফাইল চিত্র।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) পর্বে মানুষের অধিকার রক্ষায় তৃণমূল কংগ্রেসের ভূমিকা আরও নির্দিষ্ট করে প্রচারে আনতে দলের নেতা-কর্মীদের নির্দেশ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্বাচন নিয়ে মঙ্গলবার দলের অভ্যন্তরীণ বৈঠকে তিনি বলেন, ‘মানুষকে বলতে হবে, বিচার-ব্যবস্থার একাংশ যদি বিচার না-দেয়, তার দায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হতে পারে না!’ কোর্টের নির্দেশে গঠিত ট্রাইবুনাল যে এখনও কাজ শুরু করতে পারেনি, তা-ও মনে করিয়ে দিতে বলেছেন অভিষেক।

ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার বিষয়টি গোটা রাজ্যের নির্বাচনে গুরুত্বপূর্ণ হয়ে উঠলেও, সংখ্যালঘু অধ্যুষিত মালদহ ও মুর্শিদাবাদে এটি বিশেষ মাত্রা যোগ করেছে। দলীয় প্রার্থীদের সমর্থনে এই দুই জেলায় এ দিনই প্রচারে এসেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এই প্রেক্ষিতে তৃণমূলের বৈঠকে ওই দুই জেলার দলীয় নেতাদের অভিষেক বলেছেন, ‘মানুষকে বোঝাতে হবে, কংগ্রেসের প্রার্থী জিতলে তাঁরা বিজেপিতে চলে যাবেন। টাকা নিয়ে চলে যাবেন।’ তাঁর সংযোজন, ‘মানুষকে বলতে হবে, কংগ্রেসকে ভোট দেওয়ার অর্থ বিজেপিকে ভোট দেওয়া।’ প্রসঙ্গত, ২০২১-এ এই দুই জেলায় ভাল ফল করেছিল তৃণমূল। এ বার এসআইআর বা অন্য কোনও সমীকরণে পরিস্থিতি যাতে না-বদলায়, সে দিকেও নজর রাখার নির্দেশ দিয়েছেন অভিষেক।

তৃণমূলের সাংসদ, বিধানসভা ভোটের দলীয় প্রার্থী, বিএলএ (১), ভোটের সঙ্গে যুক্ত সাংগঠনিক স্তরের ভারপ্রাপ্ত প্রায় ৩০ হাজার নেতার সঙ্গে এ দিন ‘ভার্চুয়াল বৈঠক’ করেছেন অভিষেক। দলীয় সূত্রে খবর, সেখানেই তিনি বলেছেন, ‘ভোটের পাশাপাশি ‘স্ট্রং রুমে’ রাখা ইভিএমের উপরে সতর্ক নজর রাখতে হবে। বিহারে প্রায় প্রতিটি কেন্দ্রেই কিছু ইভিএম বদল করে বিজেপি জিতেছে। এখানে তা করতে দেওয়া হবে না।’ এর সঙ্গেই ‘বাইরে থেকে ভোটার আনা’ নিয়েও সতর্ক করেছেন অভিষেক। দলের নেতাদের উদ্দেশে তিনি বলেছেন, ‘কোথাও কোনও ভোটার বাইরে থেকে এসেছেন বুঝলে তাঁকে ভোট দিতে দেওয়া যাবে না।’ তৃণমূল একটি বিশেষ ‘কন্ট্রোল রুম’ চালু করছে জানিয়ে বৈঠকে অভিষেক বলেছেন, ‘যখন যা নজরে আসবে, তা কন্ট্রোল রুমে জানাতে হবে। কেন্দ্রীয় বাহিনী যদি ভয় দেখায়, তা-ও দ্রুত দলকে জানাবেন।’

সূত্রের খবর, বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নাম করেই অভিষেক বলেছেন, ‘যদি ভয় দেখান, ভয় পাবেন না।’ বৈঠকে নেতা-কর্মীদের মনোবল বাড়াতে অভিষেক একাধিক বার বলেছেন, ‘বিপুল টাকা খরচ করে বিজেপি হাওয়া তুলতে চাইছে। প্রচার করছে, ওরা জিতছে। নিশ্চিত থাকুন, তৃণমূলের ভোট আগের থেকে বাড়ছেই। রেকর্ড ভোটে পাব আমরা। আসনও বাড়বে।’ কোথায় কে দলের কাজ করছেন, তার উপরে নেতৃত্বের ‘নজর’ রয়েছে বলে সকলকে সতর্কও করে দিয়েছেন অভিষেক। একই সঙ্গে, ভাল কাজে পুরস্কার ও খারাপ কাছে তিরস্কারের কথাও মনে করিয়ে দিয়েছেন তৃণমূলের ‘সেনাপতি’।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

SIR TMC

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy