E-Paper

প্রশ্ন তৃণমূল, বামের বিজেপির ‘সংকল্পে’ গুরুত্ব মহিলাদের, ষুব-ভাতাও

ইস্তাহারে বলা হয়েছে, মহিলাদের আর্থিক স্বাধীনতা নিশ্চিত করতে প্রতি মাসের পয়লা থেকে ৫ তারিখের মধ্যে তাঁদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা দেওয়া হবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৬ ০৮:৪৫
‘সংকল্প পত্র’ প্রকাশের অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বিজেপির রাজ্য নেতারা। নিউ টাউনের হোটেলে।

‘সংকল্প পত্র’ প্রকাশের অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বিজেপির রাজ্য নেতারা। নিউ টাউনের হোটেলে।

নির্বাচনের কার্যত প্রাক্ মুহূর্তে ‘সংকল্প পত্রে’র উদ্বোধন করল বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবার নিউ টাউনের একটি হোটেলে যে ‘সংকল্প পত্র’ প্রকাশ করেছেন, তাতে প্রত্যাশিত ভাবেই প্রতিশ্রুতির বহরে তৃণমূল কংগ্রেসকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা রয়েছে। সেখানে বেশি গুরুত্ব পেয়েছেন মহিলারা। রাজনৈতিক শিবিরের একাংশের মতে, মহিলা-ভোট তৃণমূলের বড় ভরসার জায়গা। সেই ভোট নিজেদের পক্ষে টানার লক্ষ্যেই এগিয়েছে বিজেপি। তবে শাহদের প্রতিশ্রুতিকে পাল্টা কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বিজেপির ‘সংকল্প পত্র’ ১৫ দফার। এক দিকে যেমন দুর্নীতি, অপশাসন, সিন্ডিকেট-রাজ, অনুপ্রবেশের মতো বিষয়কে সামনে রেখে তৃণমূল সরকারের সমালোচনা করা হয়েছে, তেমনই উন্নয়নের রূপরেখার কথা বলা হয়েছে। নিরাপত্তা থেকে শুরু করে ভাতা, প্রত্যেকটি ক্ষেত্রে প্রাধান্য পেয়েছেন মহিলারা। বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে উত্তরবঙ্গকেও। বিজেপির ‘সংকল্প পত্রে’ অভিন্ন দেওয়ানি বিধি চালু করার ঘোষণাও রয়েছে। শাহ বলেছেন, “বিজেপি যে রাজ্যে ক্ষমতায় রয়েছে, সেখানেই অভিন্ন দেওয়াল বিধি চালু করেছে। পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার দু’দিনের মধ্যে এই আইন চালু করবে!’’ তাঁর দাবি, সেই সঙ্গে ধর্মাচরণের স্বাধীনতা নিশ্চিত করা হবে।

ইস্তাহারে বলা হয়েছে, মহিলাদের আর্থিক স্বাধীনতা নিশ্চিত করতে প্রতি মাসের পয়লা থেকে ৫ তারিখের মধ্যে তাঁদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা দেওয়া হবে। সেই সঙ্গে আর্থিক ভাবে পিছিয়ে থাকা পরিবারের মহিলাদের জন্য গর্ভবতী থাকাকালীন ২১ হাজার টাকা আর্থিক সহায়তা এবং ৬টি পুষ্টি সরঞ্জাম দেওয়া হবে। অবিবাহিত ছাত্রীদের স্নাতক স্তরে ভর্তির আগে এককালীন ৫০ হাজার টাকা (‘কন্যাশ্রী’র পাল্টা) দেওয়া হবে। সরকারি পরিবহণে মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াতের সুবিধা থাকবে। মহিলাদের সরকারি চাকরিতে ৩৩% সংরক্ষণের কথাও বলা হয়েছে। মহিলাদের নিরাপত্তার স্বার্থে প্রতিটি মহকুমায় অন্তত একটি মহিলা থানা, প্রতি থানায় একটি করে ‘নারী সহায়তা ডেস্ক’ করার কথা বলা হয়েছে। মহিলা পুলিশের বিশেষ ‘দুর্গা সুরক্ষা বাহিনী’ গঠন এবং মাতঙ্গিনী হাজরা এবং রানি শিরোমণির নামে দু’টি বিশেষ ব্যাটেলিয়ন তৈরির ঘোষণাও করেছে বিজেপি।

যুব সমাজের মন পাওয়ার লক্ষ্যে পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের সুযোগ তৈরি, কর্মসংস্থান না-হওয়া পর্যন্ত মাসে তিন হাজার টাকা করে আর্থিক সহায়তার কথা বলা হয়েছে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় যাঁরা অংশগ্রহণ করতে ইচ্ছুক হবেন, তাঁদের এককালীন ১৫ হাজার টাকা ‘উৎসাহ ভাতা’ দেওয়ার কথাও বলা হয়েছে। শিল্প পরিকাঠামোর ক্ষেত্রে পরিকাঠামোগত উন্নয়নে জোর দেওয়া হয়েছে ইস্তাহারে। বলা হয়েছে পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনার কথাও। সিঙ্গুরে হাজার একর জমিতে শিল্প পার্ক, হলদিয়া বন্দরের উন্নয়নের সঙ্গেই তাজপুরে গভীর সমুদ্র-বন্দর গড়ার কথা বলেছে বিজেপি। মাছ-সহ জলজ প্রাণী সংরক্ষণ এবং সামুদ্রিক খাবার প্রক্রিয়াকরণে জোর দেওয়ার কথা বলা হয়েছে। অশোকনগরের বহু চর্চিত খনিজ তৈলের কথা উল্লেখ করেই প্রাকৃতিক সম্পদ ব্যবহারের কথা বলা হয়েছে।

শাহের ইস্তাহার প্রকাশের দিনেই মুখ্যমন্ত্রী মমতা বলেছেন, ‘‘বিজেপি মিথ্যে প্রচার করছে যে, তারা আমাদের চেয়ে বেশি আর্থিক সহায়তা মহিলাদের দেবে। বিহারে নির্বাচনের ঠিক আগে মহিলাদের টাকা দিয়েছিল। নির্বাচনের পরপরই তারা তাদের বুলডোজ়ারে চড়ে ফিরে এল। এখন তারা একটা পয়সাও দেয় না। ‘লক্ষ্মীর ভান্ডার’ সর্বজনীন। তারা অনুকরণ করার চেষ্টা করে শোচনীয় ভাবে ব্যর্থ হয়েছে!’’ অভিষেকের কটাক্ষ, ‘‘বিজেপির সঙ্কল্প আসলে চিট ফান্ডের প্রতিশ্রুতির মতো, এক লাখ দিয়ে পাঁচ লাখ নিন! বছরে দু’কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল। তাদের ১২ বছরে ২৪ কোটি চাকরির সেই প্রতিশ্রুতি কোথায় গেল?’’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও শাহের গুচ্ছ প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন তুলেছে সিপিএম-ও। দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের বক্তব্য, ‘‘গুজরাতে শেখ সোহরাবুদ্দিন এনকাউন্টার মামলায় জেলে যেতে হয়েছিল যাঁকে, তিনি এখন এ রাজ্যে এসে আইনের শাসন নিয়ে বক্তৃতা করছেন! মোদী নারী সুরক্ষার কথা বলছেন! বিলকিস বানু, হাথরস, উন্নাও মানুষ দেখেছেন। আর জি কর-কাণ্ডে স্বারাষ্ট্রমন্ত্রী দেখা পর্যন্ত করেননি পরিবারের সঙ্গে।’’ অভিন্ন দেওয়ানি বিধি চালু প্রসঙ্গেও বিজেপিকে বিঁধেছেন সেলিম ও অভিষেক।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

BJP

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy