Advertisement
E-Paper

ভারতীয় দলের হয়ে খেলার জন্য বৈভব কি প্রস্তুত? আইপিএলের ১৬টি ম্যাচে দেখে রায় দিলেন রাজস্থান কোচ সাঙ্গাকারা

বৈভব সূর্যবংশীর ভবিষ্যৎ নিয়ে দারুণ আশাবাদী কুমার সাঙ্গাকারা। বিশ্বের সেরা ক্রিকেটারেরা যে ভাবে অনুশীলন করেন, ঠিক সে ভাবেই আগামী দিনের বৈভবকে গড়ে তুলতে চান রাজস্থান রয়্যালস কোচ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ মে ২০২৬ ১৩:২৬
picture of cricket

বৈভব সূর্যবংশী। —ফাইল চিত্র।

ক্রিকেটপ্রেমীদের একাংশ বৈভব সূর্যবংশীকে ভারতীয় দলে দেখতে চাইছেন। বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেটে। কিন্তু ১৫ বছরের ব্যাটার কি আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুত? আইপিএলে ১৬টি ম্যাচে বৈভবকে সামনে থেকে দেখার পর নিজের মতামত জানিয়েছেন রাজস্থান রয়্যালসের কোচ কুমার সাঙ্গাকারা।

শুক্রবার আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে গুজরাত টাইটান্সের কাছে হেরে বিদায় নিয়েছে রাজস্থান। ম্যাচের পর সাঙ্গাকারার কাছে বৈভব সম্পর্কে জানতে চাওয়া হয়। রাজস্থান কোচ বলেছেন, ‘‘গুজরাতের বিরুদ্ধেও বৈভব দুর্দান্ত ব্যাট করল। পরিস্থিতি বেশ কঠিন ছিল। আমরা প্রথম থেকেই উইকেট হারাতে শুরু করি। চাপ সামলে দারুণ খেলেছে বৈভব। ওর জন্যই আমরা লড়াই করার মতো জায়গায় পৌঁছোতে পেরেছি।’’ তিনি আরও বলেছেন, ‘‘বৈভবের বয়স এখন ১৫। এই বয়সেই দারুণ পরিণত। ওর ম্যাচ রিডিং খুব ভাল। পরিস্থিতি বুঝে খেলতে পারে। যে কোনও পরিস্থিতিতে নির্ভিক থাকতে পারে।’’

সূর্যবংশী কি এখন ভারতীয় দলের জার্সি পরার যোগ্য? সাঙ্গাকারা বলেছেন, ‘‘এ ভাবে বলা যায় না। কেউ যতক্ষণ না খেলছে, ততক্ষণ বোঝা যায় না। তবে বৈভব দেখিয়ে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার যোগ্যতা ওর রয়েছে। বিশ্বের কয়েক জন সেরা বোলারের বিরুদ্ধে সফল হয়েছে। আমার তো মনে হয়, যে কোনও চ্যালেঞ্জ নেওয়ার জন্য বৈভব তৈরি। বলব, একটু বেশিই তৈরি। আমি নিশ্চিত বৈভব খুব তাড়াতাড়ি ভারতীয় দলে ডাক পাবে। এই বয়সে এত পরিণত ব্যাটিং ভাবা যায় না! দায়িত্ব নিতে পারে। ইনিংসের শুরুতে প্রতিপক্ষকে চাপে ফেলে দিতে পারে। ও সম্পূ্ণ তৈরি।’’

বৈভবের বয়স কম হওয়ায় তাকে আগলে রাখতে চান সাঙ্গাকারা। আরও উন্নতি চান তিনি। ব্যাটিংয়ে যে সব খামতি রয়েছে, সেগুলি দূর করতে চান। সাঙ্গাকারা বলেছেন, ‘‘আমাদের মেডিক্যাল স্টাফদের সঙ্গে কথা বলব। কী করে বৈভবকে আরও শক্তিশালী করা যায়, তার পরিকল্পনা করব। আমরা সারা বছর শিবির চালাই। বৈভবের অনুশীলনের সমস্যা হবে না। সারা বছর আমাদের নজর থাকবে বৈভবের উপর। শুধু বৈভব নয়, আমরা আমাদের সব ক্রিকেটারকেই আগলে রাখতে চাই সারা বছর ধরে।’’ একই সঙ্গে তিনি বলেছেন, ‘‘বৈভবকে আমরা এখনই বেশি চাপ দিতে চাই না। খোলা মনে খেলতে দিতে চাই। আমাদের দলের প্রতিটি বৈঠকে বৈভব থাকে। সকলের কথা মন দিয়ে শোনে। নিজেও কিছু কিছু পরামর্শ দেয়। কঠোর পরিশ্রম করে। সব রকম ভাবে অবদান রাখার চেষ্টা করে। আর হ্যাঁ, বোলারদেরও দারুণ পড়তে পারে বৈভব।’’ শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক বৈভবের ভবিষ্যৎ নিয়ে দারুণ আশাবাদী। এখন আর বৈভবকে আলাদা বা বিশেষ প্রশিক্ষণ দিতে চান না। বিশ্বের সেরা ক্রিকেটারেরা যে ভাবে অনুশীলন করেন, ঠিক সে ভাবেই আগামী দিনের বৈভবকে গড়ে তুলতে চান।

1690128আইপিএলে রাজস্থানের জন্য নিজেকে উজাড় করে দিয়েছে বৈভব। ১৬টি ম্যাচে ২৩৭.৩০ স্ট্রাইক রেটে ৭৭৬ রান করেছে। কমলা টুপির দৌড়ে সকলের আগে রয়েছে। রেকর্ড ৭২টি ছয় এবং ৬৩টি চার এসেছে কিশোর ব্যাটারের ব্যাট থেকে।

সংক্ষেপে
  • আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
  • ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
  • এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
সর্বশেষ
৫৬ মিনিট আগে
Vaibhav Sooryavanshi Indian Cricket team Kumar Sangakkara
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy