Advertisement
E-Paper

শতরান হাতছাড়া হওয়ার হতাশা থাকলেও আক্ষেপ নেই বৈভবের, বাবার উপদেশ মনে রেখে গুজরাতের বিরুদ্ধে মাঠে নামবে সূর্যবংশী

হায়দরাবাদের বিরুদ্ধে নিশ্চিত শতরান হাতছাড়া হওয়ায় হতাশ হয়ে পড়েছিল বৈভব সূর্যবংশী। বিশ্বাসই করতে পারছিল না সে। তবে বাবার পরামর্শে অনেকটাই ধাতস্থ হয়েছে ১৫ বছরের ব্যাটার।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ মে ২০২৬ ১৬:১৭
picture of cricket

বৈভব সূর্যবংশী। —ফাইল চিত্র।

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আইপিএলের এলিমিনেটরে রাজস্থান রয়্যালসের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় বৈভব সুর্যবংশী। নিশ্চিত শতরান হাতছাড়া করলেও তার ২৯ বলে ৯৭ রানের ইনিংস কোণঠাসা করে দেয় প্যাট কামিন্সদের। বৈভবের ওই ইনিংসের কাছেই এক রকম আত্মসমর্পণ করেন তাঁরা। শতরান হাতছাড়া হলেও আক্ষেপ নেই বৈভবের। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে দ্বিতীয় কোয়ালিফায়ারের আগে ভাবতেও চাইছে না বৈভব।

হায়দরাবাদের বিরুদ্ধে নিশ্চিত শতরান হাতছাড়া হওয়ায় হতাশ হয়ে পড়েছিল বৈভব। বিশ্বাসই করতে পারছিল না সে। তবে বাবার একটি উপদেশ অনেকটাই ধাতস্থ হতে সাহায্য করেছে ১৫ বছরের ব্যাটারকে। এ বারের আইপিএলে দু’বার ৯০-র ঘরে আউট হয়েছে বৈভব। হতাশা থাকলেও আক্ষেপ নেই তার। আইপিএলের সম্প্রচারকারীদের দেওয়া সাক্ষাৎকারে বৈভব বলেছে, ‘‘ছোট থেকে বাবা আমায় বার বার একটা কথা বলেছেন। আমি শতরান করি, দ্বিশতরান করি বা ত্রিশতরান করার পরও দল না জিতলে সেই রানের কোনও মূল্য নেই। ব্যক্তিগত রেকর্ড হতে পারে। কিন্তু দলের কাছে না লাগলে সেই রেকর্ডেরও মূল্য নেই। দলের জেতাটাই আসল। কারণ ক্রিকেট দলগত খেলা।’’ বৈভব আরও বলেছে, ‘‘আমি ৮০ রান করলে যদি দল জেতে, তা হলেও সেটার মূল্য অনেক। কিন্তু আমি শতরান করলাম অথচ দল হেরে গেল, সেই রানের মূল্য ওই ৮০ রানের চেয়ে কম।’’

দল কোনও নির্দেশ বা বার্তা দিয়েছে? বৈভব বলেছে, ‘‘আলাদা কিছু বলা হয়নি। প্লে-অফে ওঠার পর আমাদের বলা হয়েছে, যত বেশি সময় সম্ভব ক্রিজ়ে থাকার চেষ্টা করতে। যত বেশি সম্ভব লড়াই চালিয়ে যেতে। খেলাটাকে যত বড় করতে পারব, জেতার তত বেশি সম্ভাবনা তৈরি হবে। সেটা করতে পারলেই শতরানের সুযোগ তৈরি হবে। কিছু রেকর্ডও হতে পারে। বিশেষ করে যেগুলো আমি ভাঙতে পারি। সেটা করতে পারলে ব্যক্তিগত ভাবে যেমন লাভবান হল, তেমন আমার দলও লাভবান হবে।’’

হায়দরাবাদের বিরুদ্ধে ৯৭ রানের ইনিংসে ৫টি চার এবং ১২টি ছয় মারে বৈভব। ১৫টি ম্যাচে ৬৮০ রান করে আইপিএলে কমলা টুপি জয়ের দৌড়ে সকলের আগে রয়েছে বৈভব। কোনও এক বারের আইপিএলে সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ডও এখন তার দখলে। এখনও পর্যন্ত ৬৫টি ছয় মেরেছে কিশোর ব্যাটার।

সংক্ষেপে
  • আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
  • ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
  • এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
Vaibhav Sooryavanshi Rajasthan Royals century
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy