Advertisement
E-Paper

ক্রিকেটারদের জন্য আরও কড়াকড়ি আইপিএলে, ম্যাচ চলাকালীন নিষিদ্ধ স্মার্ট ডিভাইস, গড়াপেটা রুখতে সিদ্ধান্ত ভারতীয় বোর্ডের

ম্যাচ গড়াপেটা রুখতে আইপিএলের খেলা চলাকালীন স্টেডিয়ামের কিছু অংশে যোগাযোগ নিষিদ্ধ থাকে। ফোন ব্যবহার করা যায় না। অন্য কিছুর মাধ্যমেও যোগাযোগ করা যায় না।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ মে ২০২৬ ১২:৫২
picture of cricket

(বাঁ দিক থেকে) রোহিত শর্মা, বিরাট কোহলি এবং ফিল সল্ট। —ফাইল চিত্র।

আইপিএলে ক্রিকেটারদের জন্য নতুন নির্দেশিকা জারি করল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। খেলা চলাকালীন স্মার্ট ঘড়ি, স্মার্ট চশমা এবং স্মার্ট রোদচশমা ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হল। ম্যাচ গড়াপেটা বা দুর্নীতি রুখতেই বোর্ডের এই নতুন সিদ্ধান্ত।

আইপিএলের খেলা চলাকালীন স্টেডিয়ামের কিছু অংশে যোগাযোগ নিষিদ্ধ থাকে। ফোন ব্যবহার করা যায় না। অন্য কিছুর মাধ্যমেও যোগাযোগ করা যায় না। তার সঙ্গেই যোগ হল স্মার্ট ঘড়ি, স্মার্ট চশমা এবং স্মার্ট রোদচশমা। কারণ এই ধরনের আধুনিক ডিভাইসগুলির সাহায্যে খেলা দেখা যায়, মেসেজ করা যায়, কথা বলা যায়, ভিডিয়ো কলও করা যায়। তাই বিসিসিআইয়ের নির্দেশিকায় বলা হয়েছে, খেলা চলাকালীন ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফেরা এই ধরনের কিছু ব্যবহার করতে পারবেন না। দুর্নীতি দমন শাখার পরামর্শেই নতুন নির্দেশিকা দেওয়া হয়েছে।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই ধরনের স্মার্ট ডিভাইসগুলির যোগাযোগের মাধ্যম হিসাবে ব্যবহার করা যায়। মেসেজ করা যায়, কথা বলা যায়, ভিডিয়ো কল করা যায়। তাই অনুমতি না নিয়ে বা ভুল করে ব্যবহার করার সম্ভাবনা থাকে। আইপিএলের ক্রিকেটার এবং ম্যাচ অফিসিয়ালদের জন্য নির্দিষ্ট এলাকার ক্ষেত্রে এই ধরনের ডিভাইসগুলিকে রেকর্ডিং এবং যোগাযোগের ব্যবস্থা হিসাবে বিবেচনা করা হচ্ছে। তাই স্টেডিয়ামের নির্দিষ্ট কিছু জায়গায় এগুলির ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

স্টেডিয়ামের নির্দিষ্ট কিছু জায়গায় ক্রিকেটার, সাপোর্ট স্টাফ, ম্যাচ অফিসিয়াল এবং দুর্নীতি দমন শাখার কর্মী ছাড়া কারও প্রবেশাধিকার থাকে না। ম্যাচ চলাকালীন যোগাযোগ রাখা যায় না বাইরের কারও সঙ্গেও। যে কোনও রকম ম্যাচ গড়াপেটা রুখতেই এই ব্যবস্থা। তা আরও মজবুত করতেই স্মার্ট ঘড়ি, স্মার্ট চশমা এবং স্মার্ট রোদচশমা ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

সংক্ষেপে
  • আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
  • ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
  • এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
BCCI Advisory
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy