সিপিএম নেত্রী দীপ্সিতা ধরে বক্তৃতার ভিডিয়ো বিকৃত করে সমাজমাধ্যমে ছড়ানোর অভিযোগ উঠেছিল। এ বার সেই ভিডিয়ো সমাজমাধ্যম থেকে মুছে ফেলা হল। শুক্রবার পুলিশের তরফে দীপ্সিতাকে এমনই জানানো হয়েছে। বিকৃত ভিডিয়ো নিয়ে ইতিমধ্যেই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন দীপ্সিতা।
এ বারের নির্বাচনে দমদম উত্তর বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন দীপ্সিতা। নির্বাচন পরবর্তী সময়েও দমদম উত্তর বিধানসভা কেন্দ্রে বেশ সক্রিয় তিনি। এরই মধ্যে সম্প্রতি দীপ্সিতার একটি বক্তৃতার ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। আর সেই ভিডিয়োই ছিল বিতর্কের কেন্দ্রবিন্দু।
আরও পড়ুন:
দীপ্সিতার অভিযোগ ছিল, ৪৫ মিনিটের বক্তৃতার কয়েক সেকেন্ড কেটে নিয়ে তা বিকৃত করে প্রচার করা হয়েছে। এ নিয়ে উত্তর ২৪ পরগনার নিমতা থানায় অভিযোগ দায়েরও করেছিলেন তিনি। কিন্তু তার পরেও কোনও পদক্ষেপ করা হয়নি। তিনি আরও অভিযোগ করেন, সম্প্রতি তাঁর ছবি লাগানো পোস্টারে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এ অবস্থায় তাঁর নিজের উপরেও হামলা হতে পারে বলে আশঙ্কাপ্রকাশও করেছিলেন সিপিএম নেত্রী।
পুলিশের কাছ থেকে কোনও সহযোগিতা পাননি বলে অভিযোগ ছিল দীপ্সিতার। তার পরেই বিষয়টি নিয়ে হাই কোর্টে মামলা করেছিলেন তিনি। দীপ্সিতার আইনজীবী অভিষেক হালদার বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। দীপ্সিতার আইনজীবীর বক্তব্য ছিল, তাঁর মক্কেলের বক্তৃতার ভিডিয়ো যে ভাবে বিকৃত করে ছড়ানো হচ্ছে, তাতে তাঁর মক্কেল আক্রান্ত হওয়ার আশঙ্কা তৈরি রয়েছে। বিচারপতি ভট্টাচার্য মামলা দায়েরের অনুমতি দিয়েছিলেন। তবে শুনানির দিন এখনও ধার্য হয়নি। তার আগেই দীপ্সিতার বক্তৃতার ওই বিকৃত ভিডিয়ো সমাজমাধ্যম থেকে সরিয়ে দিল পুলিশ।