আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন কেন উইলিয়ামসন। নিউ জ়িল্যান্ডের প্রাক্তন অধিনায়ক শুক্রবার এ কথা ঘোষণা করেছেন। দীর্ঘ ১৬ বছরে সব ফরম্যাট মিলিয়ে ৩৭৮টি ম্যাচ খেলেছেন উইলিয়ামসন। এই মুহূর্তে ইংল্যান্ড সফরে রয়েছে নিউ জ়িল্যান্ড। প্রথম টেস্টে খেলেছেন উইলিয়ামসনও। আচমকাই অবসর ঘোষণা করলেন তিনি। ফলে বাকি দুই টেস্টে শক্তি কমে গেল নিউ জ়িল্যান্ডের।
শুক্রবার একটি বিবৃতিতে উইলিয়ামসন বলেছেন, “আমি বিষয়টি নিয়ে অনেক ভেবেছি। কিন্তু গত কয়েক দিনে এটা বুঝে গিয়েছি যে, এটাই সঠিক সময় অবসর নেওয়ার। আন্তর্জাতিক ক্রিকেটের প্রতি বরাবরই সেই খিদেটা ছিল। নিউ জ়িল্যান্ডের হয়ে যে’কটা ম্যাচে খেলেছি, প্রতিটাতেই নিজের সেরাটা দিয়েছি। এটা ভেবে আমি গর্বিত। এখন বুঝতে পেরেছি আর এগিয়ে নিয়ে যাওয়া উচিত নয়। নিজের ইচ্ছায় ক্রিকেট থেকে সরে দাঁড়াতে পেরে আমি ভাগ্যবান।”
উইলিয়ামসন আরও বলেছেন, “যে দলটা খেলছে তাদের নিয়ে আমি আশাবাদী। প্রচুর প্রতিভা রয়েছে এই দলে এবং ভবিষ্যতে নিউ জ়িল্যান্ড অন্য উচ্চতায় পৌঁছে যেতে পারে। এই দলটাকে আমি ভালবাসি। এত বছর ধরে নিউ জ়িল্যান্ডের সঙ্গে যুক্ত থাকতে পেরে আমি গর্বিত।”
নিউ জ়িল্যান্ডের কোচ রব ওয়াল্টার বলেছেন, “উইলিয়ামসন সব সময় দলকে আগে রেখেছে। খুব খারাপ লাগছে ওকে চলে যেতে দেখে। তবে ও নিজে এই সিদ্ধান্ত নিয়ে খুশি, এটা ভেবে ভাল লাগছে। অসাধারণ ক্রিকেটার, দুর্দান্ত সতীর্থ, অনবদ্য নেতা এবং ক্রিকেটের এক অসামান্য দূত।”
বিদায়বেলায় নিউ জ়িল্যান্ডের বিখ্যাত প্রাক্তন ক্রিকেটার রিচার্ড হ্যাডলির প্রশংসা পেয়েছেন উইলিয়ামসন। হ্যাডলি বলেছেন, “কেন দুর্দান্ত ক্রিকেটার এবং খুব ভাল একজন নেতা। সর্বোচ্চ পর্যায়ে তিনটি ফরম্যাটেই খেলার মতো খিদে ওর মধ্যে দেখেছি। ওর যুগে অন্যতম সেরা খেলোয়াড় হিসাবেই অবসর নিল।”
২০১০-এর নভেম্বরে ভারতের বিরুদ্ধে অহমদাবাদে টেস্ট অভিষেক হয় উইলিয়ামসনের। প্রথম ম্যাচেই তিনি শতরান করেন। তিন মাস পরে ভারতের বিরুদ্ধেই এক দিনের ক্রিকেটে অভিষেক হয়। সব ফরম্যাট মিলিয়ে নিউজিল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে বিদায় নিলেন উইলিয়ামসন। ১১০টি টেস্টে ৩৩টি শতরান এবং ৩৮টি অর্ধশতরানের সাহায্যে ৯৫১৫ রান করেছেন। এক দিনের ক্রিকেটেও তাঁর রেকর্ড ভাল। ১৭৫টি ম্যাচে ৭২৫৬ রান করেছেন। ১৫টি শতরান এবং ৪৭টি অর্ধশতরান রয়েছে। অবসর নেওয়ার ফলে পরের বছর এক দিনের বিশ্বকাপে তাঁকে দেখা যাবে না।
আরও পড়ুন:
উইলিয়ামসন একজন দক্ষ নেতাও। নিউ জ়িল্যান্ডকে তিনি ৪০টি টেস্ট, ৯১টি এক দিনের ম্যাচ এবং ৭৫টি টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়েছেন। তাঁর অধিনায়কত্বে নিউ জ়িল্যান্ড ২০১৯ বিশ্বকাপের ফাইনালে উঠেছিল। পাশাপাশি ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনাল খেলেছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম বিজেতা নিউ জ়িল্যান্ডই। উইলিয়ামসনের নেতৃত্বে ২০২১-এ ভারতকে হারায় তারা।