Advertisement
E-Paper

লখনউ ছাড়ছেন পন্থ, প্রায় ৪ ঘণ্টার বৈঠকে গোয়েন‌্কার অনুরোধ রাখলেন না উইকেটরক্ষক, আবার নাম লেখাবেন আইপিএলের নিলামে

গত বার ১৪টি ম্যাচের মধ্যে মাত্র ৬টি জিতেছিল লখনউ। এ বার জিতেছে মাত্র ৪টিতে। অর্থাৎ অধিনায়ক হিসাবে ২৮টি ম্যাচের মধ্যে মাত্র ১০টিতে জিতেছেন ঋষভ পন্থ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ জুন ২০২৬ ১৬:১৩
picture of cricket

(বাঁ দিকে) ঋষভ পন্থ এবং সঞ্জীব গোয়েন্‌কা (ডান দিকে)। —ফাইল চিত্র।

লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে বিচ্ছেদ ঋষভ পন্থের। আগামী মরসুমে আর লখনউয়ের হয়ে খেলতে চান না তিনি। লখনউ কর্ণধার সঞ্জীব গোয়েন্‌কার অনুরোধেও থাকতে রাজি হননি উইকেটরক্ষক-ব্যাটার।

আইপিএলে দল বদল করার সিদ্ধান্ত নিয়েছেন পন্থ। শুক্রবার লখনউ কর্তৃপক্ষের সঙ্গে ৩-৪ ঘণ্টা বৈঠক হয় পন্থের। সেখানে নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন পন্থ। লখনউ সূত্রের খবর, কর্ণধার গোয়েন্‌কা তাঁকে একাধিক বার থেকে যাওয়ার অনুরোধ করেন। দলের অন্য কর্তারাও বোঝান তাঁকে। কিন্তু কলকাতার শিল্পপতির অনুরোধেও মত পরিবর্তন করতে রাজি হননি। আগামী আইপিএলের আগে নিলামে নাম লেখাতে চান পন্থ। ঠিক কী কারণে লখনউয়ের হয়ে আর আইপিএল খেলতে চাননি, তা জানা যায়নি। উল্লেখ্য, ২৭ কোটি টাকা দিয়ে পন্থকে দলে নিয়েছিলেন গোয়েন্‌কা। আইপিএলের ইতিহাসের সবচেয়ে বেশি দাম তিনিই পেয়েছিলেন।

আইপিএলের পরই লখনউয়ের নেতৃত্ব থেকে ইস্তফা দেন পন্থ। তাঁর নেতৃত্বে কাঙ্ক্ষিত সাফল্য পায়নি লখনউ। দু’বারই প্লে-অফে উঠতে পারেনি তারা। পন্থের পারফরম্যান্স এবং নেতৃত্ব নিয়ে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেছিলেন লখনউয়ের ক্রিকেট ডিরেক্টর টম মুডি। প্রয়োজনে কঠোর সিদ্ধান্তের কথাও বলেছিলেন। মনে করা হচ্ছে, মুডির সঙ্গে দূরত্বের কারণেই লখনউ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যদিও এ নিয়ে সরকারি ভাবে কিছু জানা যায়নি।

গত বার ১৪টি ম্যাচের মধ্যে মাত্র ৬টি জিতেছিল লখনউ। এ বার জিতেছে মাত্র ৪টিতে। অর্থাৎ অধিনায়ক হিসাবে ২৮টি ম্যাচের মধ্যে মাত্র ১০টিতে জিতেছেন পন্থ। আগের বার পয়েন্ট তালিকায় সাত নম্বরে শেষ করেছিল পন্থের দল। আর এ বার সকলের শেষে।

Rishabh Pant LSG Sanjiv Goenka IPL Auction Tom Moody
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy