হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন এমন মানুষজনের জন্য নুন বা সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি। চিকিৎসকেরা সাধারণত দৈনিক নুনের পরিমাণ ৫ গ্রামের (প্রায় ১ চা চামচ) নীচেই রাখতে বলেন। কিন্তু রসিয়ে রাঁধা বাঙালি রান্নায় নুন নামমাত্র দেওয়া যায় কি? ভোজনরসিকদের জন্য কম নুনের পানসে খাবার খাওয়া সত্যিই কঠিন। অথচ নুন কম দিয়েও সুস্বাদু কিছু খাবার রান্না করা যায়, যেখানে স্বাদ ও পুষ্টি দুইই অটুট থাকবে। আবার রসনাতৃপ্তিও হবে।
কম নুন দিয়ে কী কী রাঁধতে পারেন?
লেবু-লঙ্কা পোড়া পমফ্রেট
মাছে ভাল করে নুন-হলুদ না মাখালে চলে না। কিন্তু এই পদ্ধতিতে রাঁধলে বেশি নুনের প্রয়োজনই হবে না। প্রথমে পমফ্রেট মাছ লেবুর রস, লঙ্কাবাটা, গোলমরিচ এবং সামান্য হলুদ দিয়ে ৩০ মিনিট ম্যারিনেট করে রাখুন। চাইলে সামান্য নুন দিতে পারেন, আবার না-ও দিতে পারেন। প্যানে অল্প সর্ষের তেল ব্রাশ করে মাছটি এপিঠ-ওপিঠ হালকা পোড়া পোড়া করে ভেজে নিন। নামানোর আগে উপর থেকে ধনেপাতা কুচি ও আরও খানিকটা লেবুর রস ছড়িয়ে দিন। লেবুর টক ভাব নুনের অভাব বুঝতেই দেবে না।
ওট্স-মুগডালের ঝাল ঝাল খিচুড়িতে নুনের অভাব বোঝা যাবে না।
ওট্স ও মুগডালের টক-ঝাল খিচুড়ি
আধ কাপ ওট্স ও আধ কাপের মতো মুগডাল শুকনো খোলায় ভেজে নিন। এ বার তাতে গাজরকুচি, বিন, ক্যাপসিকামকুচি, ছোট ছোট টুকরো করা ব্রকোলি দিয়ে আদা বাটা ও জিরেবাটা দিয়ে কষান। সামান্য জল দিতে হবে। মশলা কষে গেলে আরও খানিকটা জল ঢেলে সেদ্ধ হতে দিন। নামানোর ঠিক আগে সামান্য নুন, ১ চামচ লেবুর রস এবং শুকনো খোলায় ভাজা জিরে-ধনেগুঁড়ো ছড়িয়ে দিন।
তেঁতুল-হিংয়ের চাটনি দিয়ে মেথি ইডলি
তেঁতুল-হিংয়ের চাটনি দিয়ে মেথি ইডলি
দক্ষিণ ভারতীয় এই খাবারটি এখন বাঙালিদেরও প্রিয়। মেথিশাক রক্তচাপ ও সুগার কমাতে সাহায্য করে। প্রথমে চাল ও ডাল বেটে ইডলি ব্যাটার বানিয়ে নিতে হবে। এর সঙ্গে মেথিশাক কুচিয়ে দিয়ে ভাপে ইডলি তৈরি করুন। চাটনি তৈরির জন্য তেঁতুলের ক্বাথে সামান্য গুড়, হিং এবং ভাজা লঙ্কার গুঁড়ো দিয়ে ফুটিয়ে নিন। তেঁতুলের চাটনি দিয়ে খেলে ইডলিতে নুন না থাকলেও বোঝা যায় না।