Advertisement
E-Paper

কোহলির বিকল্প নিয়ে দ্বিধায় ভারত! চোট পাওয়া বিরাটের জায়গা নেওয়ার লড়াইয়ে তিন ব্যাটার, বদলাতে পারে ভারতের উইকেটকিপারও

আইপিএল ফাইনালে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় আফগানিস্তানের বিরুদ্ধে এক দিনের সিরিজ় থেকে ছিটকে গিয়েছেন বিরাট কোহলি। ফলে তিন নম্বরে কে খেলবেন তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। এখনও দ্বিধায় রয়েছে ভারত।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ জুন ২০২৬ ২১:২৪
cricket

শুভমনের (ডান দিকে) সঙ্গে অনুশীলনে ঈশান। ছবি: পিটিআই।

আইপিএল ফাইনালে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় আফগানিস্তানের বিরুদ্ধে এক দিনের সিরিজ় থেকে ছিটকে গিয়েছেন বিরাট কোহলি। ফলে তিন নম্বরে কে খেলবেন তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। এখনও দ্বিধায় রয়েছে ভারত। আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচের আগের দিন বোলিং কোচ মর্নি মর্কেল জানালেন, তিন ব্যাটার লড়াইয়ে রয়েছেন। তবে অভিজ্ঞতার বিচারে এগিয়ে কেএল রাহুল।

সাংবাদিক বৈঠকে মর্কেল জানিয়েছেন, রাহুল ছাড়াও ঈশান কিশন এবং যশস্বী জয়সওয়ালকেও তিন নম্বরে খেলিয়ে দেখা হতে পারে। মর্কেলের কথায়, “তিন নম্বর জায়গা নিয়ে এই সিরিজে পরীক্ষা করার সুযোগ রয়েছে আমাদের কাছে। ঈশান হোক রাহুল হোক বা যশস্বী, প্রত্যেকের কাজেই সুযোগ রয়েছে। আপাতত তিনটে এক দিনের ম্যাচ আছে আমাদের হাতে। বিভিন্ন ব্যাটারকে বিভিন্ন পজিশনে খেলিয়ে দেখে নেওয়া হতে পারে। এতে একটা ধারণাও পাওয়া যাবে যে ভবিষ্যতে আমরা কোন পথে এগোতে পারি। হাতে একাধিক বিকল্প থাকবে।”

এত দিন এক দিনের ম্যাচে উইকেটকিপিং করতে দেখা যেত রাহুলকে। তবে এখন এক দিনের দলে ঈশান চলে আসায় তাঁকেই হয়তো উইকেটকিপিংয়ের দায়িত্ব দেওয়া হবে। শুক্রবার অনুশীলনে ঈশান দীর্ঘ ক্ষণ উইকেটকিপিং করেছেন। রাহুল মূলত ব্যাটার হিসেবেই অনুশীলন করেছেন। তাঁকে উঁচু ক্যাচ নিতেও দেখা গিয়েছে।

শনিবার প্রিন্স যাদব বা গুরনুর ব্রারের মধ্যে কোনও এক জনের অভিষেক হতে পারে। কে প্রথম বার ভারতের জার্সি গায়ে নামবেন, তা অবশ্য স্পষ্ট করে বলেননি মর্কেল। তাঁর কথায়, “প্রথম বার ওদের দু’জনকে দেখে মনে হয়েছে এই দলে যেন পাঁচ বছর ধরে খেলছে। কোনও ধরনের চিন্তার ছাপ ওদের মুখে দেখতে পাইনি। ভেবেছিলাম প্রথম বার দলের সুযোগ পাওয়ায় কিছুটা হলেও চিন্তায় থাকবে। কিন্তু যে ভাবে ওরা অনুশীলন করেছে এবং ঘাম ঝরিয়েছে, সেটা দেখে খুব, খুব ভাল লেগেছে।”

মর্কেলের সংযোজন, “দু’জনেই নিজের দক্ষতা নিয়ে বাড়তি পরিশ্রম করেছে। ফলে আমার কাজও সহজ হয়ে গিয়েছে। এখান থেকে ওদের খেলায় আরও উন্নতি করতে হবে কি না সেটা দেখতে হবে। ম্যাচের মাঝের দিকে এবং শেষের দিকে ওদের বোলিংয়ে কী ভাবে উন্নতি করা যায় সেটা ভাবতে হবে।”

মর্কেল নিশ্চিত যে, কোচ গৌতম গম্ভীর দু’জনকে আফগানিস্তান সিরিজ়ে খেলাবেন। মর্কেলের কথায়, “আমি নিশ্চিত গৌতম এই ছেলে দুটোকে সুযোগ দেবে এবং ভারতের জার্সিতে ওরা কেমন খেলে সেটা দেখে নিতে চাইবে। আন্তর্জাতিক ক্রিকেটে খেলা সম্পূর্ণ অন্য ধরনের চ্যালেঞ্জ। এই দু’জনকে দলে পেয়ে আমরা উত্তেজিত।”

রোহিতের ফিটনেস নিয়েও চিন্তা দূর করেছেন মর্কেল। বলেছেন, “সমস্ত ফিটনেস পরীক্ষায় ও পাশ করেছে। মাঠে নামতে তৈরি। রোহিতের ফিটনেস নিয়ে কোনও সমস্যা নেই। দারুণ অনুশীলন করছে। ওকে দেখার জন্য আমরা মুখিয়ে আছি।”

India vs Afghanistan Virat Kohli Ishan Kishan KL Rahul
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy