Advertisement
E-Paper

বিনেশের সুপ্রিম স্বস্তি, এশিয়ান গেমসের ট্রায়ালে নামতে বাধা নেই কুস্তিগিরের, শীর্ষ আদালতে খারিজ ফেডারেশনের আবেদন

শনিবার থেকে শুরু হবে এশিয়ান গেমসের ট্রায়াল। তাতে বিনেশ ফোগাটের অংশগ্রহণে আর বাধা রইল না। এর আগে দিল্লি হাই কোর্টও বিনেশকে ট্রায়ালে অংশগ্রহণ করতে দেওয়ার নির্দেশ দিয়েছিল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ মে ২০২৬ ১৪:৫৬
picture of Vinesh Phogat

বিনেশ ফোগাট। —ফাইল চিত্র।

সুপ্রিম কোর্টে স্বস্তি বিনেশ ফোগাটের। দেশের অন্যতম সেরা কুস্তিগিরকে এশিয়ান গেমসের ট্রায়ালে নামতে দিতে হবে। ফেডারেশনকে নির্দেশ শীর্ষ আদালতে। খারিজ করে দেওয়া হয়েছে দিল্লি হাই কোর্টের নির্দেশে স্থগিতাদেশের আবেদন। বিনেশকে ডোপ পরীক্ষা দেওয়ার কথাও বলেছে আদালত।

শুক্রবার সুপ্রিম কোর্টে বিচারপতি পিএস নরসিংহ এবং বিচারপতি অলোক আরাধের বেঞ্চে বিনেশের মামলার শুনানি ছিল। দুই বিচারপতির বেঞ্চ জানিয়েছে, বিনেশ ভারতকে গর্বিত করেছেন। তাঁকে থামাবে না আদালত। এর পর শনিবার থেকে শুরু হতে হওয়া এশিয়ান গেমসের ট্রায়ালে বিনেশের অংশগ্রহণে আর বাধা রইল না। এর আগে দিল্লি হাই কোর্টও বিনেশকে ট্রায়ালে অংশগ্রহণ করতে দেওয়ার নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশের উপর স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ভারতের কুস্তি ফেডারেশন (ডব্লিউএফআই)। তাদের আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। শনিবার থেকে ট্রায়াল শুরু হবে। তার এক দিন আগে শীর্ষ আদালত হস্তক্ষেপ করতে রাজি হয়নি।

২০২৪ সালে প্যারিস অলিম্পিক্সে ফাইনালে উঠেও পদক জেতা হয়নি বিনেশের। ফাইনালের দিন সকালে তাঁর শরীরের ওজন অনুমোদিত মাত্রার চেয়ে বেশি থাকা নিয়ম অনুযায়ী তাঁকে প্রতিযোগিতা থেকে বাতিল করে দেওয়া হয়। স্বপ্নভঙ্গ হওয়ায় অবসর নিয়েছিলেন কুস্তিগির। তবে সন্তানের জন্মের পাঁচ মাস পরই তিনি অবসর ভেঙে কুস্তিতে ফিরেছেন।

ন্যাশনাল ওপেন র‍্যাঙ্কিং প্রতিযোগিতায় প্রত্যাবর্তনের পরিকল্পনা ছিল বিনেশের। তাতে পদক জিতলেই এশিয়ান গেমসের ট্রায়ালে নামার পথ খুলে যেত ভিনেশের জন্য। কিন্তু শেষ মুহূর্তে ফেডারেশন নিয়ম পরিবর্তন করায় ভিনেশের ফেরার রাস্তা বন্ধ হয়ে যায়। ফেডারেশন জানিয়ে দেয়, শুধু ওপেন র‍্যাঙ্কিং প্রতিযোগিতার পদক জিতলেই ট্রায়ালে নামা যাবে না।

এর আগে দিল্লি হাই কোর্টের বিচারকেরা তাঁদের পর্যবেক্ষণে বলেন, “বিনেশের মতো কিংবদন্তি কুস্তিগিরদের ক্ষেত্রে কুস্তি সংস্থার নতুন নিয়মে একটু ছাড় দেওয়া যেতেই পারে। এটা স্পষ্ট, অন্তঃস্বত্ত্বা অবস্থায় কেউ কুস্তির আখাড়ায় নামতে পারেন না। কিন্তু তার জন্য তাঁর খেলোয়াড়জীবন নষ্ট করে দেওয়া উচিত নয়। বিনেশের মতো কিংবদন্তি কুস্তিগিরকে কিছু ছাড় দেওয়া উচিত। বিনেশকে ট্রায়ালে নামতে না দিলে তা দেশের পক্ষে লজ্জার।”

নির্দেশে বলা হয়েছিল, পুরো ট্রায়ালের ভিডিয়ো রেকর্ডিং করতে হবে। কেন্দ্রীয় ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রকের দু’জন নিরপেক্ষ পর্যবেক্ষকের উপস্থিতিতে ট্রায়াল হবে। তাঁরা পুরো ট্রায়াল খতিয়ে দেখে দিল্লি হাই কোর্টে রিপোর্ট দেবেন। উল্লেখ্য, এশিয়ান গেমস এবং কমনওয়েলথ গেমসে সোনার পদক রয়েছে বিনেশের।

Vinesh Phogat Wrestler Suprme Court Asian Games 2026 Trial
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy