Advertisement
E-Paper

আইপিএল থেকে রাজস্থান ছিটকে যেতেই কান্না বৈভবের, কমলা টুপিতে মুখ ঢাকল কিশোর ব্যাটার, দেখে চোখে জল অশ্বিনেরও

রাজস্থান রয়্যালসের জন্য নিজেকে উজাড় করে দিয়েছে বৈভব সূর্যবংশী। ১৬টি ম্যাচে ২৩৭.৩০ স্ট্রাইক রেটে ৭৭৬ রান করেছে। কমলা টুপির দৌড়ে সকলের আগে রয়েছে। রেকর্ড ৭২টি ছয় এবং ৬৩টি চার মেরেছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ মে ২০২৬ ১১:৩২
picture of cricket

বৈভব সূর্যবংশী। ছবি: রয়টার্স।

আইপিএলের প্লে-অফের পর পর দু’টি ম্যাচে নিশ্চিত শতরান হাতছাড়া। তার সঙ্গে দ্বিতীয় কোয়ালিফায়ারে দলের হার। আইপিএল থেকে রাজস্থান রয়্যালস ছিটকে যাওয়ার পর কেঁদে ফেলল বৈভব সূর্যবংশী। শুক্রবার খেলা শেষ হওয়ার পর চোখের জল মুছতে দেখা গিয়েছে কিশোর ব্যাটারকে।

আইপিএলে রাজস্থানের জন্য নিজেকে উজাড় করে দিয়েছে বৈভব। ১৬টি ম্যাচে ২৩৭.৩০ স্ট্রাইক রেটে ৭৭৬ রান করেছে। কমলা টুপির দৌড়ে সকলের আগে রয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ভারতীয় দলের অধিনায়ক শুভমন গিলের থেকেও ৫৪ রানে এগিয়ে ১৫ বছরের ক্রিকেটার। রেকর্ড ৭২টি ছয় এবং ৬৩টি চার এসেছে বৈভবের ব্যাট থেকে। ভারতীয় ক্রিকেটপ্রেমীরা এখন বৈভবের ব্যাটিংয়ে বুঁদ। লাফিয়ে লাফিয়ে বাড়ছে বৈভবের জনপ্রিয়তাও। ম্যাচের পর বৈভবকে কাঁদতে দেখে চোখের জল ধরে রাখতে পারেননি রাজস্থানের কিছু সমর্থকও।

বৈভবের কান্নার ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। কমলা টুপি দিয়ে কান্না ঢাকার চেষ্টা করেও পারেননি বৈভব। শুধু ক্রিকেটপ্রেমীরাই নন, বৈভবের কান্না দেখে চোখের জল ধরে রাখতে পারেননি ধারাভাষ্যকার রবিচন্দ্রন অশ্বিনও। তাঁর ভিডিয়োও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। শুভমন গিলের দলের বিরুদ্ধে বৈভব করে ৪৭ বলে ৯৬ রানের ইনিংস খেলেছে। ৮টি চার এবং ৭টি ছয় মেরেছে। ২২ গজের অন্য প্রান্তে পর পর উইকেট পড়ার চাপ সামলে লড়াই চালিয়ে গিয়েছে। ওপেন করতে নেমে ১৮তম ওভার পর্যন্ত ২২ গজে ছিল বৈভব। তা-ও দলকে আইপিএলের ফাইনালে তুলতে পারেনি।

আইপিএল শেষ হলেও বৈভবকে ভারতীয় দলের জার্সি গায়ে দেখার অপেক্ষায় রয়েছেন ক্রিকেটপ্রেমীরা। আগামী দু’মাসে আয়ারল্যান্ড, ইংল্যান্ড এবং জ়িম্বাবোয়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় রয়েছে ভারতীয় দলের। অনেকে আশা করছেন জ়িম্বাবোয়ে সিরিজ়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হতে পারে বৈভবের।

সংক্ষেপে
  • আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
  • ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
  • এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
সর্বশেষ
১২ ঘণ্টা আগে
Rajasthan Royals Gujarat Titans Vaibhav Sooryavanshi Tears
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy