Advertisement
E-Paper

এ বার হুমায়ুনের হাত ধরে পশ্চিমবঙ্গে মুসলিম ভোটের অঙ্কে ওয়েইসি! ২০টি যৌথ সভা হবে ভোটের আগে

বুধবারের সাংবাদিক বৈঠক শুরু করেন হুমায়ুন। পাশে বসে থাকা ওয়েইসিকে প্রথম থেকে শেষ পর্যন্ত ‘বড় ভাই’ বলে সম্বোধন করেছেন ভরতপুরের বিদায়ী বিধায়ক।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৬ ১৩:৪০
Asaduddin Owaisi and Humayun Kabir joint press conference, they announced alliance

মিমের প্রধান আসাদউদ্দিন ওয়েইসির সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠকে হুমায়ুন কবীর। ছবি: সংগৃহীত।

শুধু বিধানসভা ভোট নয়, আগামিদিনেও ‘জোট’ এগিয়ে নিয়ে যাওয়া হবে! কলকাতায় এসে আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীরকে পাশে নিয়ে জানালেন এআইএমআইএম বা মিমের প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। একই সঙ্গে তিনি আশাবাদী, আসন্ন ভোটে পশ্চিমবঙ্গে মুসলিম সংখ্যালঘু নেতৃত্ব উঠে আসবেন। কেন তিনি তা চাইছেন, তারও ব্যাখ্যা করেছেন ওয়েইসি।

মঙ্গলবার রাতেই কলকাতায় পা রাখেন মিম প্রধান। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন হুমায়ুন। মাথায় পাগড়ি পরিয়ে ওয়েইসিকে অর্ভ্যথনা জানান। ওয়েইসি জানান, মঙ্গলবার রাতে জোটের প্রার্থিতালিকা, আসন সমঝোতা নিয়ে আলোচনা হয়েছে। তা প্রায় এক প্রকার চূড়ান্ত। দু’-তিনটে আসন নিয়ে কথাবার্তা চলছে, তবে তা জোটের কোনও ‘ক্ষতি’ করবে না।

হুমায়ুন কবীর এবং আসাদউদ্দিন ওয়েইসি।

হুমায়ুন কবীর এবং আসাদউদ্দিন ওয়েইসি। ছবি: সংগৃহীত।

বুধবারের সাংবাদিক বৈঠক করেন হুমায়ুন। পাশে বসে থাকা ওয়েইসিকে প্রথম থেকে শেষ পর্যন্ত ‘বড় ভাই’ বলে সম্বোধন করেছেন ভরতপুরের বিদায়ী বিধায়ক। তিনি বলেন, ‘‘এই জোট আটকানোর অনেকে চেষ্টা করেছিলেন। বহু প্রতিককূলতা, বাধা এসেছে। কিন্তু তা উপেক্ষা করে আমাদের সঙ্গে জুড়েছে মিম।’’

ওয়েইসি প্রকারান্তরে জানিয়ে গেলেন মুসলিম সংখ্যালঘু ভোটকে ‘একজোট’ হতে হবে। তিনি মনে করেন, ‘‘পশ্চিমবঙ্গ হোক বা দেশে— যদি মুসলিম সংখ্যালঘু নেতা না-থাকেন, তবে গোটা সম্প্রদায়ের উন্নয়ন হয় না।’’ তার পরেই আসন্ন বিধানসভা ভোটে উন্নয়নের স্বার্থে মুসলিম নেতৃত্বকে সামনে আসার বার্তা দিলেন ওয়েইসি। তিনি বলেন, ‘‘আমরা আগেও পশ্চিমবঙ্গে নির্বাচনে প্রার্থী দিয়েছি।’’ হুমায়ুনের সঙ্গে জোট বাঁধলেও পশ্চিমবঙ্গে ক’টা আসনে মিম লড়বে তা স্পষ্ট করেননি ওয়েইসি। মিম প্রধান বলেন, ‘‘আমরা এখানে বেশি আসন চাই না। এখানে আমাদের সঙ্গীকে সঙ্গ দিতে এসেছি।’’ তিনি এ-ও বলেন, ‘‘পশ্চিমবঙ্গে খুব ভাল অবস্থায় নেই মুসলিম সমাজ। তাদের শোষণ বন্ধ করতে হুমায়ুনের সঙ্গে জোট বেঁধেছি।’’ তাঁর মতে, সংখ্যালঘু উন্নয়ন পশ্চিমবঙ্গে বড় বিষয়।

আসন্ন বিধানসভা নির্বাচনের ভোটপ্রচারে হুমায়ুন রাজ্যে ২০টি জনসভা করতে চান বলে জানান। সেই জনসভাগুলিতে ওয়েইসি-কে পাশে চেয়েছেন। হুমায়ুনের কথায়, ‘‘আমরা একসঙ্গে ২০টা সভা করব। শুরু হবে মুর্শিদাবাদ থেকে।’’ হুমায়ুন-ওয়েইসির প্রথম সভা হবে আগামী ১ এপ্রিল, বহরমপুরে। শেষ সভা করবেন কলকাতায়।

গত রবিবার দুপুরে হুমায়ুন প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছিলেন। ১৪৯ জনের নাম ঘোষণা করা হয়। নন্দীগ্রাম ও ভবানীপুরেও প্রার্থী দিয়েছে হুমায়ুনের দল। হুমায়ুন লড়ছেন মুর্শিদাবাদের দুই কেন্দ্র রেজিনগর ও নওদা থেকে। বুধবার ভরতপুরের বিদায়ী বিধায়ক জানান, খুব শীঘ্রই আসনসমঝোতা করে চূড়ান্ত প্রার্থিতালিকা ঘোষণা করা হবে।

Asaduddin Owaisi Humayun Kabir
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy