Advertisement
E-Paper

WB Election: প্রচারে কুড়ুল-লাঠি-তিরের হামলায় জখম রায়নার তৃণমূল প্রার্থী, অভিযোগ মানতে নারাজ বিজেপি

শনিবার রায়নার দেনো গ্রামে দলীয় কর্মীদের নিয়ে প্রচারে বেড়িয়েছিলেন শম্পা। তৃণমূলের অভিযোগ, প্রচার চলাকালীন হামলা চালায় বিজেপি কর্মী-সমর্থকেরা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২১ ২৩:২৩
 রায়না বিধানসভা প্রার্থী শম্পা ধাড়া

রায়না বিধানসভা প্রার্থী শম্পা ধাড়া —নিজস্ব চিত্র।

সাধারণ ঘরের মেয়ে থেকে একেবারে সভাধিপতির চেয়ারে। পূর্ব বর্ধমানের শম্পা ধাড়ার রাজনৈতিক জীবনে উত্থান আক্ষরিক অর্থেই চমকপ্রদ। নীলবাড়ির লড়াইয়ে এ বার তাঁর সামনে আরও বড় চ্যালেঞ্জ। কারণ, রায়না বিধানসভা আসনে তাঁকেই প্রার্থী করেছে তৃণমূল। শনিবার সেই তরুণ সভাধিপতির প্রচারেই হামলা চালানোর অভিযোগ উঠল বিজেপি-র বিরুদ্ধে। তৃণমূলের দাবি, গেরুয়া শিবিরের হামলায় শম্পা-সহ দলের ৬ জন কর্মী আহত হয়েছেন। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তবে এই ঘটনায় শাসকদলের অভিযোগের ভিত্তিতে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রায়নার দেনো গ্রামে দলীয় কর্মীদের নিয়ে প্রচারে বেড়িয়েছিলেন শম্পা। তৃণমূলের অভিযোগ, প্রচার চলাকালীন হামলা চালায় বিজেপি কর্মী-সমর্থকেরা। শম্পা জানিয়েছেন, বড়বৈনানের দেনো গ্রামে দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে হেঁটে বাড়ি বাড়ি প্রচারে করছিলেন তিনি। তাঁর অভিযোগ, সে সময় এক দল মদ্যপ যুবক তাঁদের মিছিলের সামনে ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিতে শুরু করেন। প্রতিবাদ করলে বিজেপি কর্মী-সমর্থকেরা তাঁদের উপর কুড়ুল-লাঠি নিয়ে হামলা চালায়। তাঁদের লক্ষ্য করে তির এবং ইট-পাটকেলও ছোড়া হয়। হামলার জেরে মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়। দলের জেলা মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, “শনিবার রায়না ২ নম্বর ব্লকে তৃণমূলের প্রচার চলছিল। বিকেলবেলায় দেনো গ্রামের পূর্ব পাড়ায় প্রচার চলার সময় অশান্তি হয়। বিজেপি-র আক্রমণে শম্পা ধাড়াও জখম হন। মিছিলে ইট-পাটকেল ছোড়া হয়। কোনও রকমে রক্ষা পান শম্পা ধাড়া। এ ছাড়াও, কয়েক জন তৃণমূলকর্মীকে ধারালো অস্ত্রের কোপ মারা হয়। তাঁদের মাথায়-হাতে আঘাত লেগেছে।”

ঘটনার পর আহতদের প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। শম্পার দাবি, ঘটনায় ৬ জন তৃণমূল সমর্থক জখম হয়েছেন।

এই হামলায় বিজেপি জড়িত বলে অভিযোগ উঠলেও তা অস্বীকার করেছে গেরুয়া শিবির। জেলা বিজেপি-র সাধারণ সম্পাদক শ্যামল রায়ের দাবি, “এই হামলার সঙ্গে বিজেপি-র কোনও যোগ নেই। ওই এলাকায় শাসকদলের নিজেদের গোষ্ঠী কোন্দলের জেরেই গন্ডগোল হয়েছে।”

জেলার ডেপুটি পুলিশ সুপার ( দক্ষিণ) আমিনুল ইসলাম খান বলেন, “দেনো গ্রাম দিয়ে তৃণমূলের মিছিল যাওয়ার সময় বিজেপি কর্মীরা ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিলে দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়। মিছিল লক্ষ্য করে ইট-পাটকেল মারা হয়। ৬ জন তৃণমূলকর্মী আহত হন। পুলিশ এই ঘটনায় জড়িত সন্দেহে ৬ জনকে গ্রেফতার করেছে।”

BJP TMC West Bengal Assembly Election 2021 West Bengal Polls 2021
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy