E-Paper

তৃতীয় তালিকার আগে শমীককে দিল্লিতে ডাক

গোড়া থেকেই প্রায় চল্লিশটির কাছাকাছি আসনকে আলাদা করে চিহ্নিত করেছিলেন কেন্দ্রীয় নেতৃত্ব। ওই কেন্দ্রগুলিতে কারা প্রার্থী হবেন, সেই সিদ্ধান্ত একেবারে কেন্দ্রীয় নেতৃত্ব নেবেন— এ কথা গোড়াতেই শমীকদের জানিয়ে দেয় দল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ মার্চ ২০২৬ ০৬:২৬
শমীক ভট্টাচার্য।

শমীক ভট্টাচার্য। — ফাইল চিত্র।

বিজেপি আজ বাংলায় দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা ঘোষণার পরেও বাদ রয়ে গেল প্রায় তিন ডজন কেন্দ্রের প্রার্থীর নাম। তৃতীয় তালিকায় তা ঘোষণা করা হবে বলে জানিয়েছে বিজেপি। তৃতীয় দফার ওই প্রার্থী তালিকা চূড়ান্ত করতে আগামী সপ্তাহে ফের রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যকে দিল্লি ডেকেছেন কেন্দ্রীয় নেতৃত্ব।

গোড়া থেকেই প্রায় চল্লিশটির কাছাকাছি আসনকে আলাদা করে চিহ্নিত করেছিলেন কেন্দ্রীয় নেতৃত্ব। ওই কেন্দ্রগুলিতে কারা প্রার্থী হবেন, সেই সিদ্ধান্ত একেবারে কেন্দ্রীয় নেতৃত্ব নেবেন— এ কথা গোড়াতেই শমীকদের জানিয়ে দেয় দল। বিজেপির বক্তব্য, কিছু গুরুত্বপূর্ণ আসন, বিশেষ করে যেগুলিতে প্রতিপক্ষ একে অপরের ঘাড়ে নিশ্বাস ফেলছেন, যেগুলিতে জয়-পরাজয়ের ব্যবধান খুব সামান্য হতে পারে, পাঁচ বছর আগের নির্বাচনে যে আসনগুলিতে তৃণমূলের জয়ের ব্যবধান খুব কম ছিল— এমন আসনগুলিকে আগেই চিহ্নিত করে আলাদা করে নেওয়া হয়।

রাজ্য বিজেপি সূত্রের মতে, ওই ৪০টি কেন্দ্রের মধ্যে ৩৮টির প্রার্থী ঘোষণা করা বাকি। অন্য দু’টি আসনে প্রার্থীর নাম ঘোষিত হয়েই গিয়েছে, যেমন ভবানীপুর। বাকি থাকা কেন্দ্রগুলির মধ্যে পানিহাটি যেমন রয়েছে, তেমনই উত্তর ২৪ পরগনা, নদিয়ার একাধিক কেন্দ্রও রয়েছে। মূলত মতুয়া অধ্যুষিত, সীমান্ত-সংলগ্ন বেশ কিছু কেন্দ্রে শাসক দল তৃণমূলের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই কেন্দ্রগুলিতে পরিস্থিতি বিচার করে একেবারে শেষ দফায় প্রার্থী ঘোষণার সিদ্ধান্ত হয়েছে বলে খবর।

বিজেপি রাজ্য নেতৃত্বের ব্যাখ্যা, এই কেন্দ্রগুলিতেও একাধিক ব্যক্তির নাম প্রার্থী হিসেবে পাঠানো হয়েছে। কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব কাকে বাছবেন, সেই সিদ্ধান্ত তাঁরাই নেবেন বলে আগেভাগেই জানিয়ে দিয়েছেন। নাম চূড়ান্ত করার আগে আগামী সপ্তাহে ওই কেন্দ্রগুলি নিয়ে আরও এক বার বৈঠকে বসতে চলেছে দল। সেখানে উপস্থিত থাকতে বলা হয়েছে শমীককে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

BJP Samik Bhattacharya

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy