E-Paper

প্রার্থী তালিকা সম্পূর্ণ করল বিজেপি-কংগ্রেস

বন্দরের বিজেপি প্রার্থী রাকেশ কংগ্রেসের সদর দফতর বিধান ভবনে হামলার ঘটনায় গ্রেফতার হয়েছিলেন। তার পরে আরও একাধিক মামলা যোগ হয়েছিল রাকেশের নামে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ ০৮:৫৬
বর্ষীয়ান কংগ্রেস নেতা আব্দুল মান্নানের বাড়িতে এআইসিসি-র পর্যবেক্ষক গুলাম আহমেদ মীর, বি পি সিংহ,

বর্ষীয়ান কংগ্রেস নেতা আব্দুল মান্নানের বাড়িতে এআইসিসি-র পর্যবেক্ষক গুলাম আহমেদ মীর, বি পি সিংহ, প্রদেশ কংগ্রেস নেতা অমিতাভ চক্রবর্তী প্রমুখ। শ্রীরামপুরে।— নিজস্ব চিত্র।

রাজ্যে বিধানসভা ভোটের দ্বিতীয় দফার মনোনয়ন প্রক্রিয়া শেষ হওয়ার আগের দিন প্রার্থী তালিকা সম্পূর্ণ করল দুই সর্বভারতীয় দল বিজেপি ও কংগ্রেস। পাঁচ দফায় বিজেপি এবং দু’দফায় কংগ্রেস এর আগে ২৯৩ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছিল। বিজেপি তাদের বাকি থাকা কলকাতা বন্দর কেন্দ্রে বুধবার প্রার্থী করেছে রাকেশ সিংহকে, যিনি আগের দিনই জামিনে জেল থেকে মুক্ত হয়েছেন। কংগ্রেসের বাকি থাকা হাবড়া কেন্দ্রে প্রার্থী হয়েছেন প্রণব ভট্টাচার্য। তার পাশাপাশি ৭ বিধানসভা আসনে প্রার্থী বদলও করেছে কংগ্রেস।

বন্দরের বিজেপি প্রার্থী রাকেশ কংগ্রেসের সদর দফতর বিধান ভবনে হামলার ঘটনায় গ্রেফতার হয়েছিলেন। তার পরে আরও একাধিক মামলা যোগ হয়েছিল রাকেশের নামে। সম্প্রতি নির্বাচন কমিশনের কাছে বিজেপি অভিযোগ করেছিল, জেলে থাকা অবস্থায় রাকেশের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় ফের মামলা হয়েছে। এই বিষয়ে কমিশনের হস্তক্ষেপের আর্জি জানানো হয়েছিল। সেই মামলায় মঙ্গলবারই জামিন পেয়েছেন রাকেশ। গত বিধানসভা নির্বাচনেও বন্দর থেকে প্রার্থী হওয়ার কথা ছিল রাকেশের। কিন্তু সে বারও নির্বাচনের আগে গ্রেফতার হয়ে প্রার্থী হওয়া হয়নি তাঁর।

কংগ্রেসের তৃতীয় তালিকা অনুযায়ী, হাবড়ায় প্রার্থী ঘোষণা ছাড়াও আগে ঘোযিত প্রার্থীদের পরিবর্তে নাকাশিপাড়ায় তাহির শেখ, চাপড়ায় আসিফ খান, মিনাখাঁয় সুনয়না বিশ্বাস, মন্দিরবাজারে চাঁদ সর্দার, রায়নায় পম্পা মালিক, কেতুগ্রামে আবু বক্কর ও আউশগ্রামে তাপস বড়ালকে প্রার্থী করা হয়েছে। কংগ্রেস সূত্রের খবর, ভোটার তালিকা ও নথিপত্র সংক্রান্ত জটিলতায় কয়েকটি আসনে প্রার্থী বদলাতে হয়েছে। আবার আগে ঘোষিত প্রার্থীদের কয়েক জন শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা করতে রাজি হননি।

প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এ দিনই শ্রীরামপুরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। তাঁর সঙ্গে ছিলেন এআইসিসি-র পর্যবেক্ষক গুলাম আহমেদ মীর, বি পি সিংহ ও প্রদেশ কংগ্রেস নেতা অমিতাভ চক্রবর্তী। পরে মীর, বি পি এবং অমিতাভ শ্রীরামপুরের চাতরায় প্রাক্তন বিরোধী দলনেতা আব্দুল মান্নানের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেছেন। গঙ্গার ধারে সৌহার্দ্যমূলক পরিবেশে বর্ষীয়ান নেতা মান্নানের সঙ্গে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে তাঁদের আলোচনা হয়েছে। রাসবিহারীর কংগ্রেস প্রার্থী আশুতোষ চট্টোপাধ্যায় এ দিন হাজরা মোড় থেকে চাকরিহারা শিক্ষক, ভোটার তালিকা থেকে বাদ যাওয়া নাগরিক-সহ বঞ্চিতদের সঙ্গে নিয়ে পদযাত্রা করে মনোনয়ন জমা দিয়েছেন।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Congress BJP

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy